ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় আগামী তিন মাসের মধ্যে স্থান নির্বাচন করা হবে বলে জানিয়েছেন এ বিষয়ক সংস্থার নির্বাহী চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
তিনি বলেছেন, প্রাথমিকভাবে অগ্রাধিকার ভিত্তিতে চট্রগ্রামের সমুদ্রতীরবর্তী অঞ্চল, সিরাজগঞ্জ এবং পদ্মা সেতুর কাজ শেষ হওয়ার পর এর দক্ষিণ-পশ্চিমে অর্থনৈতিক অঞ্চল (ই-জোন) তৈরির প্রস্তাবনা রয়েছে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর রূপসী বাংলা হোটেলে অর্থনৈতিক জোন রেগুলেশনসের খসড়া চূড়ান্ত করতে আন্তঃমন্ত্রণালয় পরামর্শক সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোশাররফ বলেন, “আগামী এক বছরের মধ্যে ই-জোন তৈরির কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি বিভাগে অন্তত একটি করে ই-জোন তৈরির প্ররিকল্পনা রয়েছে।”
কৃষি জমিতে ই-জোন না করে সরকারি খাস জমিতে তা তৈরির প্রাথমিক চেষ্টা থাকবে জানিয়ে তিনি বলেন, “যে সব স্থানে তুলনামূলকভাবে জনসংখ্যা কম এবং কম শিল্পোন্নত সে সব অঞ্চলকে এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।”
ই-জোন প্রকল্প বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে দেশে ২০টি বেসরকারি অর্থনৈতিক জোনে ১৫ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এছাড়াও দেশের মোট রপ্তানির শতকারা ৮৫ ভাগ এ সব অঞ্চলে উৎপাদন সম্ভব হবে এবং দেশে দুইশ ৫০ কোটি ডলার নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকাগুলোয় (ইপিজেড) এখন পর্যন্ত প্রায় দুই লাখ ৯৫ হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে। এসব অঞ্চলে ২০১০ সালে প্রায় রপ্তানি বেড়েছে দুশ ৮০ কোটি ডলার।
ইপিজেডগুলোর কিছু সীমাবদ্ধতাও রয়েছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।
এতে বলা হয়, এগুলো সরকার পরিচালিত এবং সরকার নতুন করে এতে কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে এবং শতভাগ রপ্তানিমুখী নয় এমন প্রতিষ্ঠানগুলো ইপিজেডে অনেকাংশে ‘বৈষম্যের’ স্বীকার। এছাড়া বেসরকারিভাবে ইপিজেড আইন ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হলেও বিশালাকারে জোন প্রতিষ্ঠার কাজে ব্যর্থ হয়েছে।
এসব কারণে ২০১০ সালের অগাস্ট মাসে সরকার অর্থনৈতিক জোন আইন পাশ করে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
এ আইনের মাধ্যমে বেসরকারি খাতের জন্য সুযোগ ও সম্ভাবনা সৃষ্টির লক্ষে বাংলাদেশ অর্থনৈতিক জোন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। বিশ্বব্যাংক ইতিমধ্যে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য প্রাইভেট সেক্টর ডেভেলপমেন্ট সাপোর্ট প্রোগ্রাম এর অধীনে একশত কোটি ২০ লক্ষ ডলারের একটি প্রকল্প অনুমোদন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/২০১১ ঘ.
bdnews24