ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে ২৯ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে বিশ্ব ব্যাংক।
দ্বিতীয় স্থানীয় সরকার সহায়তা প্রকল্প (এলজিএসপি-২) বাস্তবায়নে এ সহায়তা দেবে সংস্থাটি।
মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিশ্ব ব্যাংক ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হয়।
ইআরডি সচিব ইকবাল মাহমুদ ও বাংলাদেশে বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন চুক্তিতে সাক্ষর করেন।
এলজিএসপি-২ প্রকল্পের আওতায় ইউনিয়ন পরিষদের উন্নয়নের জন্য থোক বরাদ্দ দেওয়া, সর্বস্তরে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা ও ইউনিয়ন পরিষদের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩ লাখ ডলার। এর মধ্যে বিশ্ব ব্যাংক দেবে ২৯ কোটি ডলার। বাকি অর্থ সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেওয়া হবে।
প্রকল্পের মেয়াদ ২০১১ সালের ডিসেম্বর মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত।
ইকবাল মাহমুদ বলেন, জনগণের অংশগ্রহনের ভিত্তিতে নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ছোট আকারের প্রকল্প বাস্তবায়নই এলজিএসপি-২ এর মূল উদ্দেশ্য।
এলেন গোল্ডস্টেইন বলেন, এলজিএসপি-১ একটি সফল প্রকল্প ছিল। তারই ধারাবাহিকতায় বিশ্ব ব্যাংক দ্বিতীয় প্রকল্পটিতে অর্থায়ন করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/১৯৩৯ ঘ.
bdnews24