২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতির লাগাম টানার লক্ষ্য নতুন মুদ্রানীতির

গত ১০ মাস ধরে দুই অঙ্কের কোঠায় থাকায় মূল্যস্ফীতির হার এক অঙ্কে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে নতুন মুদ্রানীতি আসছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। আবদুর রহিম হারমাছির প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2012, 04:34 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি এক অঙ্কের ঘরে নামিয়ে আনার লক্ষ্য নিয়েই আগামী ২৬ জানুয়ারি জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করা হচ্ছে বলে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন। প্রতিবছর দুটি মুদ্রানীতি প্রণয়ন করে করে বাংলাদেশ ব্যাংক। অর্থবছরের শুরুতে প্রথমটির পর দ্বিতীয়টি ঘোষণা করা হয় মাঝামাঝিতে। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৬ জানুয়ারি নতুন মুদ্রানীতি ঘোষণা হবে। মুদ্রানীতি কেমন হবে, সে বিষয়ে তিনি মুখ না খুললেও গত কয়েক সপ্তাহে কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পদক্ষেপে স্পষ্ট, সঙ্কোচনমুখী মুদ্রানীতি আসছে এবার। এবারের মুদ্রানীতি কেমন হবে- জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূল্যস্ফীতি কমাতে ইতোমধ্যেই আমরা সঙ্কোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করছি।” বাজারে টাকার প্রবাহ কমাতে রেপো ও রিভার্স রেপোর সুদের হার বাড়ানো হয়েছে। বিভিন্ন খাতে ব্যাংক ঋণের সুদের হারের যে উচ্চ সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তাও প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। ওই কর্মকর্তা বলেন, “একইসঙ্গে জুলাই-ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতির মতো নতুন মুদ্রানীতিতেও ‘অনুৎপাদনশীল ও ঝুঁকিপূর্ণ’ খাতে ঋণ প্রবাহের লাগাম টেনে ধরা হবে। বিলাসবহুল পণ্য আমদানির এলসি (ঋণপত্র) খোলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।” গত ১০ মাস ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) অবস্থান করছে। মুদ্রানীতির সঙ্গে পুঁজিবাজার এখন সরাসরি সম্পর্কিত। কেন্দ্রীয় ব্যাংক কী ধরনের মুদ্রানীতি ঘোষণা করবে, তার জন্য অপেক্ষা করছেন বিনিয়োগকারীরাও। সঙ্কোচনমূলক মুদ্রানীতির আভাসের নেতিবাচক প্রভাব এরই মধ্যে বাজারে পড়েছে। গত সপ্তাহে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক বেশ খানিকটা কমেছে। ঋণ সঙ্কোচনের ফলে চলতি ২০১১-১২ অর্থবছরে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি (অর্থনৈতিক প্রবৃদ্ধি) অর্জন ব্যাহত হবে কি না- এ প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় ব্যাংকের নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, “গত অর্থবছরের চেয়েও এবার কৃষি খাত জিডিপি প্রবৃদ্ধিতে বেশি অবদান রাখবে। সেবা খাতও ভালো করবে। আর আমরা তো উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ কমানোর কোনো পদক্ষেপ নেব না, বরং উৎসাহিত করব।” এই কারণে নতুন মুদ্রানীতি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি করবে না বলে মনে করেন তিনি। জুলাই-ডিসেম্বর মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৮ শতাংশের মধ্যে সীমিত রাখার পরিকল্পনা করা হয়। গত ২০১০-১১ অর্থবছরে এই খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার প্রত্যাশা করা হলেও অর্থবছর শেষে তা ২৫ দশমিক ৫ শতাংশে পৌঁছায়। মূল্যস্ফীতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) গত বছরের শেষ মাস ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। অক্টোবরে ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। সেপ্টেম্বরে মূল্যস্ফীতির পারদ প্রায় ১২ শতাংশে (১১ দশমিক ৯৭ শতাংশ) উঠেছিল। গত ১০ মাস ধরে মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে (ডাবল ডিজিট) অবস্থান করছে। গত অর্থবছরের (২০১০-১১) বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮ শতাংশ করা হলেও অর্থবছর শেষে তা ৮ দশমিক ৮ শতাংশে দাঁড়ায়। চলতি অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতির হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু ডিসেম্বর শেষে এ হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭১ শতাংশে। তবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খাদ্যপণ্যের দাম কমায় মূল্যস্ফীতি কমতির দিকে। আগামীতে তা আরো কমবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১০২৩ ঘ.