ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে উল্লেখ করে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী অ্যান্ড্রু মিশেল বলেছেন, এটি উদ্বেগজনক।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে শনিবার সন্ধ্যায় ঘণ্টাব্যাপী বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এ মন্তব্য করে ব্রিটিশ মন্ত্রী বলেন, সোমবার সংবাদ সম্মেলনে তার সফরের বিষয় বিস্তারিত তুলে ধরবেন।
তিনি বলেন, “বাংলাদেশে বৃটিশ উন্নয়ন সহায়তা, বিনিয়োগ বৃদ্ধি, সুুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, রাজনৈতিক ও বাণিজ্যিক দ্বি-পক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে।”
বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী ব্রিটিশ মন্ত্রীর বক্তব্যের বরাত দিয়ে তিনি সাংবাদিকদের বলেন, “বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনায় অ্যান্ড্রু মিশেল বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হ্রাস পাওয়ায় তার উদ্বেগের কথা জানান। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে, এটা উদ্বেগজনক’।’’
“ব্রিটিশ মন্ত্রী বিরোধীদলীয় নেতাকে বলেছেন, ‘বাংলাদেশে দুই বছরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আশা করে তার দেশ’,” যোগ করেন সাবেক এ পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি বৃদ্ধি ও ছাত্র-ছাত্রীদের ভিসা জটিলতার সহজ করতে ব্রিটিশ মন্ত্রীর প্রতি অনুরোধ জানান বিরোধীদলীয় নেতা।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের কাছে শুভেচ্ছা পৌঁছে দিতে অ্যান্ড্রু মিশেলের প্রতি খালেদা জিয়া অনুরোধ
জানান।
সাক্ষাতের সময় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট উইনিংটন গিবসন, শমসের মবিন চৌধুরী, খালেদার উপদেষ্টা সাবেক হাই কমিশনার সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান উপস্থিত ছিলেন।
চারদিনের সফরে মিশেল শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান। বাংলাদেশে এটি তার প্রথম সফর। এর আগে ২০১০ সালে যুক্তরাজ্যের এ দপ্তরের প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বাংলাদেশ সফর করেন।
ঢাকা সফরে ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী বাংলাদেশে ডিএফআইডি সহায়তায় পরিচালিত কার্যক্রম পরিদর্শন করবেন।
২০১৫ সাল নাগাদ বাংলাদেশে বিভিন্ন খাতে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার জন্য বছরে গড়ে ২৫ কোটি ডলার ব্যয় করবে ডিএফআইডি।
অ্যান্ডু মিশেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৮ ঘ.
bdnews24