আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার ও বিদ্যমান গ্যাসক্ষেত্রে উন্নয়ন কূপ খননের লক্ষ্যে পৃথকভাবে দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক জরিপ চালানোর পরিকল্পনা নিয়েছে বাপেক্স।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মর্তুজা আহমেদ ফারুক শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চলতি বছর থেকে ২০১৫ সাল পর্যন্ত তিন বছর ধরে দেশের বিভিন্ন স্থানে দ্বিমাত্রিক (টুডি সিসমিক সার্ভে) এবং ত্রিমাত্রিক (থ্রিডি সিসমিক সার্ভে) জরিপ চালানো হবে।”
পরিকল্পনা অনুযায়ী নয়টি স্থানে টানা এক হাজার দুশ ৩০ কিলোমিটার জুড়ে দ্বিমাত্রিক জরিপ এবং ছয়টি স্থানে ১৮৫০ বর্গকিলোমিটার জুড়ে ত্রিমাত্রিক জরিপ চালানো হবে।
এর মধ্যে ফেঞ্চুগঞ্জে দুশ ২৫ কিলোমিটার, ভোলায় দুশ, সাভারে একশ, টাঙ্গাইলে একশ ৫০, মদনে একশ ৩৫, আটগ্রামে একশ ১৫, জৈন্তাপুরে একশ ৩০, ছাতকে (উত্তর) ৭৫ কিলোমিটার এবং বড়লেখায় একশ কিলোমিটার জুড়ে দ্বিমাত্রিক জরিপ চালানো হবে।
এছাড়া শাহবাজপুরে ছয়শ বর্গকিলোমিটার, সুনেত্রে দুশ ৬০, বেগমগঞ্জে চারশ ৪০, ফেঞ্চুগঞ্জে দুশ ৫০, সেমুতাংয়ে দুশ ৫০ এবং সালদায় ৫০ বর্গকিলোমিটার ত্রিমাত্রিক জরিপ চালানো হবে।
ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জে দ্বিমাত্রিক জরিপ কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান টুডি ও থ্রিডি সিসমিক সার্ভে প্রকল্পের পরিচালক আনোয়ারুর রহমান।
প্রকল্প পরিচালক জানান, চলতি বছরের শেষের দিকে ত্রিমাত্রিক জরিপ কাজ শুরু হবে।
এমডি জানান, ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৯৯৫ লাইন কিলোমিটার দ্বিমাত্রিক জরিপ চালানো হয়েছে।
এর আগে আবিষ্কৃত গ্যাসক্ষেত্রে নতুন কূপ খনন পরিকল্পনার অংশ হিসেবে গত ২৭ নভেম্বরে তিতাস গ্যাসক্ষেত্রে প্রথমবারের মতো ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ শুরু করে বাপেক্স।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাসের পাশাপাশি বাখরাবাদ, হরিপুর, কৈলাশটিলা এবং রশিদপুর গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হচ্ছে বলে জানান বাপেক্সের এমডি।
রশিদপুর, হরিপুর এবং কৈলাশটিলার জরিপ কাজ শেষ হয়েছে জানিয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আগামী বছরের এপ্রিলের দিকে বাখরাবাদ গ্যাসক্ষেত্রের দুশ ১০ কিলোমিটার এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হবে।”
গত ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনে (পেট্রোবাংলা) এক সংবাদ সম্মেলনে জানায়, রশিদপুর গ্যাসক্ষেত্রে কম ঝুঁকিতে উত্তোলনযোগ্য আরো প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাসের মজুদ নতুন করে সনাক্ত করেছে বাপেক্স।
এছাড়া পরীক্ষাগারে হরিপুর, কৈলাশটিলা গ্যাসক্ষেত্রের উপাত্ত বিশ্লেষণ চলছে।
দেশে বর্তমানে দৈনিক দুশ ৫০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে দুশ কোটি ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে। অর্থাৎ ঘাটতি থাকছে ৫০ কোটি ঘনফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪৬ ঘ.
bdnews24