ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমোদিত ডিলার বা মানিচেঞ্জার ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশি মুদ্রা ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, ইন্টারনেটে অনলাইন ফরেক্স ট্রডিং বা ডিলিং থেকে বড় ধরনের লাভের প্রলোভন দেখানো প্রশিক্ষণ কোর্সে ভর্তি আকর্ষণের লক্ষ্যে বেশ কিছু বেআইনি বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে। তথ্যপ্রযুক্তি বিষয়ক ম্যাগাজিনসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে স¤প্রতি এ ধরনের বিজ্ঞাপন প্রকাশ করা হচ্ছে।
এসব বিজ্ঞাপনে বিদেশি মুদ্রা ব্যবসার লক্ষ্যে ডেবিট কার্ডে কারেন্সি লোড-এর ব্যবস্থার আশ্বাসও দেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রার বিনিময় হারের দৈনন্দিন ওঠা-নামার সুযোগে বাড়তি মুনাফা অর্জনের মতো ঝুঁকি নেওয়ার আহ্বানও এ সব বিজ্ঞাপনে লক্ষ্য করা যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ধরনের বে-আইনি কার্যক্রমের বিজ্ঞাপনে লোভের বশবর্তী হয়ে আকৃষ্ট না হওয়ার জন্য সবাইকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রায় লেনদেনের জন্য অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত ডিলার বা মনিচেঞ্জার ছাড়া অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ক্রয়-বিক্রয় করা যায় না। ‘ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ১৯৪৭’-এর আওতায় ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের এসব ট্রেডিং বা ডিলিং পুরোপুরি বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।”
একই সঙ্গে বিজ্ঞপ্তিতে ওইসব বিজ্ঞাপনদাতাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/২৩৩৮ ঘ.
bdnews24