আগরতলা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো বেশি পরিমাণে পণ্য আমদানি এবং বাংলাদেশ বিনিয়োগ বাড়াতে ত্রিপুরার ব্যবসায়ী স¤প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সেখানে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার বিকেলে আগরতলায় প্রজ্ঞা ভবনে বাংলাদেশ ও ত্রিপুরার ব্যাবসায়ী নেতাদের এক বৈঠকে বক্তৃতায় তিনি বলেন, “আশা করছি, আমার সফরসঙ্গী বাংলাদেশের ব্যবসায়ী নেতারা ভারতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে কার্যকর সম্পর্ক স্থাপনে সমর্থ হবেন।”
শুল্কমুক্ত প্রবেশাধিকার ছাড়াও ব্যবসা-বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার পদক্ষেপ নিয়েছেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দুই দেশের স্থলবন্দর এবং স্থলশুল্ক বন্দরের বিদ্যমান সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং অন্যান্য ভৌত অবকাঠামোগত সুবিধা বৃদ্ধির জন্য আমাদের দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন।”
বাংলাদেশ-ত্রিপুরা সীমান্তে হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এতে উভয় দেশের উৎপাদনকারীরা ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রি করতে পারবেন।
বক্তৃতার শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ভারতের, বিশেষ করে ত্রিপুরার, ব্যবসায়ী নেতাদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশ ত্রিপুরা থেকে সরাসরি অথবা যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে বিদ্যুৎ কিনতে আগ্রহী বলেও বক্তৃতায় বলেন প্রধানমন্ত্রী।
বাংলাদেশ-ভারত সম্পর্কে সা¤প্রতিককালে ব্যাপক ‘ইতিবাচক’ পরিবর্তন হয়েছে বলে এ সময় উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, “বিশেষ করে ২০১০ সালে আমার দিল্লি সফর এবং গত বছর সেপ্টেম্বরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।”
বক্তৃতায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও ত্রিপুরার ভাষা, সংস্কৃতি, জাতিসত্ত্বা ও মূল্যবোধ প্রায় একই।
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রায় ১৬ লাখ বাংলাদেশিকে আশ্রয় দেওয়ার বিষয়টিও উল্লেখ করে তিনি বলেন, “আমাদের অনেক মুক্তিযোদ্ধা চিরদিনের জন্য শায়িত আছেন এ ত্রিপুরার মাটিতে।”
বাংলাদেশের সঙ্গে ৮৫৬ কিলোমিটার বিস্তৃত সীমান্তের ভারতীয় রাজ্য ত্রিপুরা শেখ হাসিনার এটিই প্রথম সফর।
২০১০ সালে এক সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি রাজ্যটির দক্ষিণাঞ্চলীয় চোট্টাখোলায় স্বাধীনতা আন্দোলন স্মৃতি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ওই পার্কে বঙ্গবন্ধুর একটি মূর্তি স্থাপন করা হবে।
‘দারিদ্র্যই প্রধান শত্র“’
বাংলাদেশ ও ভারতের বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জনগণের ভাগ্য একই সুতায় গাঁথা বলে বক্তৃতায় মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বিভিন্ন কারণে আমাদের এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে। আমি মনে করি দারিদ্র্যই আমাদের এ অঞ্চলের প্রধান শত্র“।
মানুষের জীবনমান উন্নয়নই প্রধান লক্ষ্য হওয়া উচিত মন্তব্য করে তিনি বলেন, এ লক্ষ্য অর্জন সম্মিলিতভাবে করতে হবে।
“আমরা উভয় দেশ একযোগে কাজ করলে, এ চ্যালেঞ্জ মোকাবিলা অনেকটা সহজ হবে,” বলেন তিনি।
‘চাপ সামলাতে রেল সংযোগ’
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং তিনি দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে বৈঠকে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, এর ফলে সীমান্ত ব্যবস্থাপনা, অমীমাংসিত সীমানা নির্ধারণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য স¤প্রসারণ, বিদ্যুৎ ও ভৌত অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হয়েছে।
২০০৯ সালে তার নয়া দিল্লী সফর এবং মনমোহন সিংয়ের গত সেপ্টেম্বরের ঢাকা সফরে যৌথ বিবৃতিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাস্তবায়নের সুনির্দিষ্ট দিকনির্দেশনা দেওয়া হয় বলে উল্লেখ করেন হাসিনা।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং নেপাল ও ভুটানের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ ‘খুবই গুরুত্বপূর্ণ’- বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের গত সরকারের মেয়াদে তার ‘ব্যক্তিগত উদ্যোগে’ ঢাকা থেকে কলকাতা ও আগরতলার মধ্যে সরাসরি বাস চলাচলের ব্যবস্থা করা হয়েছিলো।
তিনি বলেন, মংলা এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ভারতে মালামাল পরিবহনের জন্য ইতোমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আখাউড়া-আগরতলা হয়ে ত্রিপুরায় কার্গো পরিবহনের জন্য আশুগঞ্জ নৌবন্দর ব্যবহারেরও সিদ্ধান্ত হয়েছে।
ওই পথে পালাটানা বিদ্যুৎকেন্দ্রে কার্গো পরিবহনে বিদ্যমান অবকাঠামোয় ‘প্রচণ্ড চাপ’ সৃষ্টি হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এ জন্য আমরা আখাউড়া-আগরতলার মধ্যে রেল সংযোগ স্থাপন এবং ফেনী নদীর ওপর সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া সাগরোম-রামগড় পয়েন্টে একটি নতুন স্থল শুল্কবন্দর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।”
বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য অসমতা দীর্ঘদিনের বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় আমদানিকারক দেশ।
বাংলাদেশ ভারত থেকে বছরে তিনশ কোটি ডলারের বেশি মূল্যের পণ্য আমদানি করলেও রপ্তানি মাত ২৫ কোটি ডলার।
তিনি বলেন, “এই বাণিজ্য ঘাটতি কমাতে ভারত প্রথমে ৪৬ ধরনের বস্ত্রপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে। পরবর্তীকালে সাফটার আওতায় সব ধরনের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেয়।”
এর ফলে প্রতিযোগিতামূলক দামে বাংলাদেশের পণ্য ভারতের বাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি হওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান শেখ হাসিনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/পিডি/২১২০ ঘ.
bdnews24