২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নিয়ে এ মাসেই ইতিবাচক সিদ্ধান্ত: মুহিত

অর্থমন্ত্রী বলেছেন, পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নিয়ে এ মাসের মধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 10:33 AM

ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক প্রতিনিধির সঙ্গে বৈঠক করে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আশা প্রকাশ করেছেন, পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে এ মাসের মধ্যেই ইতিবাচক সিদ্ধান্ত আসবে। বুধবার বিকেলে তিনি সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “বিশ্ব ব্যাংক আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে প্রথমে অর্থায়নে অনাগ্রহ দেখালেও পরে তাতে অর্থায়ন করে। পদ্মা সেতু প্রকল্পেও চলতি মাসের মধ্যে বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত জানা যাবে।” “আমি পরিষ্কার করে বলছি, সেটা অবশ্যই বাংলাদেশের জন্য ইতিবাচক হবে,” যোগ করেন মুহিত। পদ্মা সেতুতে অর্থায়ন নিয়ে ওয়াশিংটনে বিশ্ব ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে মঙ্গলবার দুপুরে ঢাকায় ফেরেন সংস্থার আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টেইন। বুধবার তিনি অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে বিশ্বব্যাংক সদরদপ্তরের সর্বশেষ অবস্থান ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রীর কার্যালয় থেকে বেরিয়ে বিশ্ব ব্যাংকের এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, “আমরা এখনো আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করছি, দুই এক সপ্তাহের মধ্যে ভালো কিছু পাওয়া যাবে।” তখন কথা না বললেও অর্থমন্ত্রী বিকেলে সাংবাদিকদের বলেন, “দুপুরে পদ্মা সেতু নিয়ে বিশ্ব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আমার কথা হয়েছে। বড় দিনের ছুটি কাটাতে এবং পদ্মা সেতু প্রকল্প নিয়ে বিশ্বব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য প্রায় এক মাস ওয়াশিংটনে ছিলেন তিনি। মঙ্গলবার ঢাকায় ফিরেই আজ আমার সঙ্গে দেখা করেছেন।” “তিনি আমাকে জানিয়েছেন, বিশ্ব্যব্যাংকের প্রেসিডেন্ট এখনও বড়দিনের ছুটি কাটাচ্ছেন। কয়েকদিন পর তিনি অফিস শুরু করবেন। এরপর পদ্মা সেতুতে অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত জানা যাবে”, যোগ করেন মন্ত্রী। সেতুর কাজ শুরু প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, “ক্ষতি যেটা হয়েছে সেটা হলো, আমরা চলতি শীত মৌসুমে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে পারলাম না। এই মৌসুমটা আমাদের লস হয়ে গেলো।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি ডলার দেওয়ার জন্য সরকারের সঙ্গে চুক্তি করলেও পরে দুর্নীতির অভিযোগ তুলে অর্থায়ন স্থগিত করে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণে বিশ্ব ব্যাংকের পাশাপাশি এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি এবং ইসলামী উন্নয়ন ব্যাংক ১৪ কোটি ডলার ঋণ দিচ্ছে। বাকি অর্থের যোগান দেবে সরকার। সরকার এ প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি বলে দাবি করলেও যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে অন্য মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হয়। ওই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় ওবায়দুল কাদেরকে। এরপর পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নিয়ে ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়। মুহিত বলেন, “পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ করার পর আমরা (সরকার) দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করতে বলি। দুদক ইতোমধ্যে তাদের তদন্ত কাজ শেষ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাদের প্রতিবেদন আমাকে ও বিশ্ব ব্যাংককে জানাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/পিডি/জেকে/১০৪০ ঘ.