২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বেসরকারি মোবাইল অপারেটরদের তদন্ত শুরু হচ্ছে’

বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন তদন্ত করতে যাচ্ছে অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 02:15 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

শামীম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি মোবাইল ফোন অপারেটরদের অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশন তদন্ত করতে যাচ্ছে অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার এটিএম মনিরুল আলম মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। চলতি মাসের শেষ দিকে এ তদন্ত প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “আগামী ১৫ দিন মোবাইল অপারেটর ও অন্যান্য প্রতিষ্ঠানের অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের বিষয়ে তদন্ত করা হবে।” দেশে রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক। বেসরকারি অপারেটরগুলো হলো- গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল এবং সিটিসেল। সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স লিমিটেড (বিটিসিএল) ও রাষ্ট্রায়ত্ত্ব মোবাইল অপারেটর টেলিটকের অবৈধ ভিওআইপি বিষয়ে তদন্ত প্রায় শেষের দিকে বলে উল্লেখ করেন তিনি। বিটিসিএল ও টেলিটকের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল) বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে কি না- জানতে চাইলে মনিরুল বলেন, এ দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে এখনো অনুসন্ধান চলছে। অবৈধ ভিওআইপি এবং স¤প্রতি বিটিসিএলের মাধ্যমে আন্তর্জাতিক ইনকামিং কল হ্রাস বিষয়ে অনুসন্ধানে মনিরুলকে আহ্বায়ক করে গত ১ ডিসেম্বর ছয় সদস্যের কমিটিটি করে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান প্রতিবেদন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোন ভিওআইপি লাইসেন্স নেই। এ লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে গত ৯ অগাস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে টেলিযোগাযোগ সংক্রান্ত ফি ও চার্জ বিষয়ক এক পর্যালোচনা সভার পর বলেছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। ২য় বারের মতো সময় চেয়ে আবেদন অবৈধ ভিওআইপি অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি ২য় বারের মতো নির্দিষ্ট সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি। বিটিআরসি কমিশনার এটিএম মনিরুল আলম বলেন, “ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে আরো ১৫ দিন সময় চেয়ে আবেদন করা হয়েছে।” প্রতিবেদন জমার নির্ধারিত সময় গত ১৫ ডিসেম্বর শেষ হলে তখন প্রতিবেদন না দিয়ে ২০ কার্যদিবস অতিরিক্ত সময় চেয়ে আবেদন করে কমিটি। পরপর দুবার প্রতিবেদন জমা না দেওয়ার বিষয়ে মনিরুল আলম বলেন, “তদন্ত কমিটির সদস্যদের দৈনন্দিন কাজের সঙ্গে তদন্তের কাজ করতে হচ্ছে তাই সময় একটু বেশি প্রয়োজন পড়েছে।” “এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করা কঠিন হয়ে পড়ছে,” যোগ করেন তদন্ত কমিটির আহ্বায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন- বিটিআরসির স্পেক্ট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের পরিচালক (তার) হুসনুল মাহমুদ খান, উপ-সচিব মাহবুব উল-আলম, বিটিআরসি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকির হোসেন ও বিটিআরসির জ্যেষ্ঠ সহকারী পরিচালক জিয়ান শাহ কবির। বিটিসিএলের মাধ্যমে আসা আন্তর্জাতিক ইনকামিং কলের পরিমাণ কমে যাওয়ার কারণ, অবৈধ আন্তর্জাতিক কল টার্মিনেশনের ক্ষেত্রে কোনো ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ)/ ইনটারকানেকশন এক্সচেঞ্জ (আইসিএক্স)/ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) সংশ্লিষ্টতা আছে কি না তা নির্ণয় ও থাকলে তার দায়-দায়িত্ব নির্ধারণ এবং অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) শনাক্ত ও রোধে করণীয় প্রস্তাব করার কথা এ কমিটির। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০১১ ঘ.