ব্রাহ্মণবাড়িয়া, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের জন্য সারকারখানার পতিত জমি অধিগ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।
বিদ্যুৎ কারখানার জন্য জমি অধিগ্রহণ নিয়ে সোমবার বিকালে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড মিলনায়তনে এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রসাশক আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের মোট চাহিদার অর্ধেক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সরকার আশুগঞ্জে একটি প্রকল্প হাতে নিয়েছে।
“এজন্য প্রায় একশ’ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়া চলছে। কৃষকদের ভূমির ন্যায্য মূল্য দিতে এবং তাদের পূনর্বাসন করতে যথাযথ ব্যবস্থা নিয়েছে সরকার।”
সভায় ক্ষতিগ্রস্ত কৃষক সংগ্রাম পরিষদ সভাপতি মো. ছফিউল্লাহ মিয়া বলেন, ১৯৬৫ সালে আশুগঞ্জে যখন প্রথম বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হয়, তখন এই এলাকা থেকে জমি অধিগ্রহণের ফলে অনেক মানুষ ভুমিহীন হয়ে পড়ে।
এখন আবার একশ’ একর জমি অধিগ্রহণ করলে শতাধিক মানুষ ভূমিহীন হয়ে পড়ার আশঙ্কা রযেছে।
পরিষদের সাধারণ সম্পাদক আজিজুর রহমান জজ মিয়া বলেন, আশুগঞ্জ সারকারখানা এলাকায় অনেক পতিত জমি রয়েছে। সেখান থেকে ভূমি অধিগ্রহণ করার দাবি জানান তিনি।
মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহাম্মেদ, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক নুরুল আলম ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২৩১১ ঘ.
bdnews24