ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি সামাল দিতে কিছু সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
সোমবার অর্থ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর কমিটির সভাপতি এএইচএম মোস্তফা কামাল সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “অর্থনীতি চাপে থাকার বিষয়টি আমাদের স্বীকার করতে হবে।”
বিদেশি ঋণ ও বিনিয়োগ না আসায় দ্রুত টাকার মূল্যমান কমছে মন্তব্য করে তিনি বলেন, “সরকারের মধ্যে স্বচ্ছতা ও সমন্বয়ের অভাব আছে।”
“টাকার ওপর চাপ কমাতে আমরা সরকারকে বিদেশি ঋণ ও সহায়তা আনার সুপারিশ করেছি।”
তিনি বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে আসায় ডলারের বিপরীতে টাকার মূল্যমান ক্রমাগত কমছে। তাই সহজ শর্তে পাওয়া গেলে বেসরকারি খাতেও বিদেশি ঋণের পক্ষে সুপারিশ করা হয়েছে।
“বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঠিক থাকলে তা টাকার ওপর চাপ কমাবে,” যোগ করেন কমিটির সভাপতি।
সরকারকে ব্যাংক খাত থেকে ধার কমানোর সুপারিশ করা হয়েছে উল্লেখ করে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, “আমরা বলেছি, নতুন টাকা তৈরি করে সরকারের ধার করা উচিত।”
এছাড়া সরকারের মধ্যেও ব্যয় সংকোচনের নীতি গ্রহণের সুপারিশ করা হয়েছে বলে জানান তিনি।
মোস্তফা কামাল বলেন, “যেখানে ব্যয় হ্রাসের সুযোগ আছে সরকারকে সেখান থেকে এগোনোর জন্য সুপারিশ করা হয়েছে।”
দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, দেশে অর্থনৈতিক মন্দার কারণে স¤প্রতি সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নিজের বেতন অর্ধেক করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২৩৩ ঘ.
bdnews24