ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) রপ্তানি আয়ে ১৫ শতাংশ প্রবৃদ্ধি হলেও এ খাতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রোববার প্রবৃদ্ধির তথ্য প্রকাশ করে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে এক হাজার ১৭৭ কোটি ৪৬ লাখ ডলারের রপ্তানি আয় দেশে এসেছে। গত বছরের এ সময় রপ্তানি আয় হয়েছিল এক হাজার ২৬ কোটি ৩৬ লাখ ডলার।
এ হিসাবে আলোচ্য সময়ে গত বছরের একই সময়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি রপ্তানি আয় দেশে এসেছে। তবে তা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৯৮ শতাংশ কম।
এ আয়ের লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ২৩৯ কোটি ১৪ লাখ ডলার।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান রপ্তানি আয়ের এ প্রবৃদ্ধিকে ভালো অর্জন বলে মনে করছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও ১৫ শতাংশ বেশি রপ্তানি আয় কম নয়। গত অর্থবছরে ৪২ শতাংশের মতো প্রবৃদ্ধি হয়েছিল। তার উপর ১৫ শতাংশ প্রবৃদ্ধি অবশ্যই ভালো অর্জন।”
তিনি বলেন, “গত বছর বিশ্ববাজারে সুতা ও কাপড়ের দাম অনেক বেশি থাকায় তৈরি পোশাকের দামও ছিল বেশ চড়া। সে কারণে টাকার অংকে অনেক বেশি পণ্য রপ্তানি হয়েছিল।”
“কিন্তু এবার সুতার দাম কমে যাওয়ায় তৈরি পোশাকের দামও কমে গেছে। সে কারণে অনেক বেশি পণ্য রপ্তানি করেও গতবারের মতো আয় হচ্ছে না।”
তথ্য পর্যালোচনায় দেখা যায়, বরাবরের মতো গত জুলাই-ডিসেম্বর সময়ে সবচেয়ে বেশি রপ্তানি আয় আসে নিট পোশাক রপ্তানি থেকে যার পরিমাণ ৪৩১ কোটি ১৯ লাখ ডলার।
একই সময়ে প্রবৃদ্ধি ১১ দশমিক ১২ শতাংশ হলেও তা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ দশমিক ১২ শতাংশ কম।
ওভেন পোশাকে প্রবৃদ্ধি হয়েছে ২২ দশমিক ৫৬ শতাংশ। এ খাতে আয় হয়েছে ৩৬৩ কোটি ৬৫ লাখ ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৩০ শতাংশ কম এসেছে।
হিমায়িত মাছ রপ্তানিতে প্রবৃদ্ধি হয় ৯ দশমিক ৪৮ শতাংশ। চা রপ্তানিতে প্রবৃদ্ধি হয় ৪৭ দশমিক ১১ শতাংশ। শাকসবজিতে ২৩ দশমিক ৫৭ শতাংশ।
এছাড়া সিমেন্ট রপ্তানিতে ১১৩ দশমিক ১৯ শতাংশ, তামাকে ৮ দশমিক ৭৩ শতাংশ এবং ওষুধে ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়।
তবে জুলাই-ডিসেম্বর সময়ে পাট ও পাটজাত পণ্য রপ্তানি ১৩ শতাংশ কমে। টেরিটাওয়েল রপ্তানি কমে ৩০ শতাংশ। কার্পেট রপ্তানি কমে ২৭ দশমিক ৪০ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএইচ/পিডি/২১৩৮ ঘ.
bdnews24