২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাসে ৩৩ বিদ্যুৎকেন্দ্রের চুক্তি হবে

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর জানিয়েছেন, এই ৩৩টি কেন্দ্র থেকে পাওয়া যাবে পাঁচ হাজার ৮৫৭ মেগাওয়াট বিদ্যুৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 01:26 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যে মোট ৩৩টি কেন্দ্র নির্মাণের চুক্তি হবে, যা থেকে পাওয়া যাবে পাঁচ হাজার ৮৫৭ মেগাওয়াট বিদ্যুৎ। রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ২০১৬ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন প্রায় ১৫ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। আলমগীর কবীর বলেন, এই পরিকল্পনার অংশ হিসেবে ৩৩ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হবে যার মধ্যে সরকারি খাতের ১০টি কেন্দ্র থেকে দুই হাজার ৭৮৫ মেগাওয়াট এবং বেসরকারি খাতের (আইপিপি-ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার) ২৩টি কেন্দ্র থেকে তিন হাজার ৭২ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। গত ৫ জানুয়ারি সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ওই ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কার্যাদেশ দেওয়ার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন। বর্তমান সরকারের গত তিন বছরে পাঁচ হাজার ৩১৯ মেগাওয়াট ক্ষমতার মোট ৪৯টি বিদ্যুুৎকেন্দ্র নির্মাণে চুক্তি হয়। যার ২৪টি থেকে ১ হাজার ৯৪৪ মেগাওয়াট বিদ্যুৎ আসছে। বাকি ২৫ কেন্দ্র ২০১৩ সালের মাঝামাঝি সময়ের মধ্যে উৎপাদনে যাবে বলে আশা করছেন পিডিবি চেয়ারম্যান। আলমগীর কবীর বলেন, “এসব কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বিদ্যুৎ সংকট থেকে দেশবাসী রেহাই পেতে শুরু করবে।” দেশে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে ছয় হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে পাঁচ হাজার মেগাওয়াটের কিছু বেশি উৎপাদন হচ্ছে। তবে চালু থাকা বিদ্যুৎকেন্দ্রগুলোর মোট উৎপাদন ক্ষমতা সাত হাজার ৬১৩ মেগাওয়াট। পিডিবি চেয়ারম্যান আলমগীর জানান, গ্যাস সংকট এবং পুরাতন কিছু বিদ্যুৎ কেন্দ্র মেরামতে থাকায় মোট ক্ষমতা থেকে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ কম পাওয়া যাচ্ছে। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকার দায়িত্ব নেওয়ার দিন চার হাজার ৯৩১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার বিপরীতে বিদ্যুতের উৎপাদন ছিলো ৩২৬৮ মেগাওয়াট। এ সরকারের আমলে এ পর্যন্ত দুই হাজার ৮৯৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। এর মধ্যে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুক্তি করা বিদ্যুৎ কেন্দ্র থেকে আসছে ৯৫০ মেগাওয়াট। আর বাকিটা উৎপাদিত হচ্ছে এ সরকারের আমলে নির্মিত ২৪টি কেন্দ্র থেকে। সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৫০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পায়। আর মাথাপিছু বার্ষিক বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ (ক্যাপটিভ জেনারেশনসহ) ২৫২ কিলোওয়াট ঘণ্টা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএল/জেকে/১৯১৮ ঘ.