২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডলারে বেসামাল অর্থনীতি

গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৫ শতাংশের বেশি। মূল্যস্ফীতি, আমদানি, বিনিয়োগসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 04:23 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

আবদুর রহিম হারমাছি প্রধান অর্থনৈতিক প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিগত বছরের শেষ মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও ডলারের বিপরীতে টাকা যেভাবে মান হারাচ্ছে, তা নিয়ে শঙ্কিত অর্থনীতিবিদরা। তারা বলছেন, মূল্যস্ফীতি, আমদানি, বিনিয়োগসহ অর্থনীতির প্রায় সব ক্ষেত্রেই এর নেতিবাচক প্রভাব পড়ছে। কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত ৪ জানুয়ারি প্রতি ডলারের বিনিময়ে হাতবদল হয়েছে ৮২ টাকা, যদিও বিদেশি ও বেসরকারি ব্যাংকগুলোতে টাকা বিকিয়েছে আরো সস্তায়। অথচ গত বছরের ৪ জানুয়ারি প্রতি ডলার বিক্রি হয়েছে ৭০ থেকে ৭০ টাকা ২৫ পয়সায়। এই হিসাবে, গত এক বছরে ডলারের বিপরীতে টাকার মান কমেছে ১৫ শতাংশের বেশি। বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই এক বছরে ডলারের বিপরীতে টাকার মান এতোটা কমেনি। ডলারের দর বৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়েছে জ্বালানি তেলের দাম বাড়াতে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন অর্থনীবিদ ও ব্যবসায়ী নেতারা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক অর্থনীতিবিদ জায়েদ বখত বলেন, “টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেভাবে বাড়ছে তা আমাদের অর্থনীতির জন্য একটি বড় সমস্যা। এটা শুধু মূল্যস্ফীতিকেই উস্কে দিচ্ছে না, বিনিয়োগের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে।” পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ডলারের দাম বাড়ায় আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। ফলে শিল্পদ্যোক্তরা মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারি) ও শিল্পের কাঁচামাল আমদানি কমিয়ে দিয়েছেন। এতে শিল্প উৎপাদন কমে যাবে, কমবে শিল্প খাতের প্রবৃদ্ধি। নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে, অর্থনীতিতে।” এই ধারা চললে বাজেটে ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা অর্জিত নাও হতে পারে বলে মনে করেন বিআইডিএসের এই জ্যেষ্ঠ গবেষণা পরিচালক। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) শিল্প স্থাপনের মূলধনী যন্ত্রপাতি আমদানির এলসি (ঋণপত্র) খোলার পমিাণ কমেছে ৩৮ শতাংশ। অথচ গত অর্থবছরের একই সময়ে যন্ত্রপাতি আমদানির এলসি খোলার পরিমাণ বেড়েছিলো ১০৫ শতাংশ। আর পুরো অর্থবছরে তা বেড়েছিলো ৪০ দশমিক ২০ শতাংশ হারে। গত অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছিলো ৬৫ শতাংশ। এবার একই সময়ে তা ৮ শতাংশের মতো কমেছে। গত অর্থবছরে শিল্পের কাঁচামাল আমদানি বেড়েছিলো ৪৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৬৩ শতাংশ। গত ১০ মাস ধরেই মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (ডাবল ডিজিট) অবস্থান করছে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলারের দাম উদ্বেগজনক হারে বাড়ছে। সা¤প্রতিক সময়ে প্রতিদিন প্রায় এক টাকার মতো করে বেড়েছে। এই পরিস্থিতি অর্থনীতিকেও বেসামাল করে তুলেছে।” তিনি বলেন, ডলারের দাম বাড়ার কারণে সরকারকে বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে হয়েছে। ডিসেম্বরে সর্বশেষ তেলের দাম বাড়ানো সংক্রান্ত তথ্য বিবরণীতেও তা উল্লেখ করা হয়েছে। এর আগে দুুই দফা তেলের দাম বাড়িয়ে যে টাকা বেশি আয় হয়েছিল, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের ফলে তার পুরোটাই চলে গেছে।” ডলারের দর অব্যাহতভাবে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি এ কে আজাদও। গত সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “ডলারের দর বৃদ্ধি অর্থনীতির সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলছে। এ ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।” কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চাপে থাকার কারণে ডলারের বিপরীতে টাকার মান কমছে- এ তথ্য জানিয়ে জায়েদ বখত বলেন, “ডলারের দর শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন চিন্তার বিষয়। যেহেতু আমাদের অর্থনীতি আমদানি নির্ভর, সেহেতু এ পরিস্থিতি গোটা অর্থনীতিকেই সংকটে ফেলে দিয়েছে।” সর্বশেষ গত ২৯ ডিসেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম পাঁচ টাকা বাড়ানোর পর সরকারি ব্যাখ্যায় বলা হয়, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর বৃদ্ধি এবং ডলারের দাম বাড়ার কারণে তেলের দাম বাড়ানো হয়েছে।” ডলারের বিপরীতে টাকাকে কীভাবে শক্তিশালী করা যায়- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “রপ্তানির পাশাপাশি রেমিটেন্স প্রবাহ বাড়াতে হবে। বাড়াতে হবে বিদেশি সাহয্যও। পাইপলাইনে যে সব বিদেশি আটকে আছে- সেগুলো দ্রুত ছাড় করতে হবে। এগুলো করা গেলে রিজার্ভ বাড়বে। তখন ডলারের দামও কমে আসবে।” গত সোমবার (২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ছিল ৯ দশমিক ৬৩ (৯৬৩ কোটি) ডলার। মাস দুয়েক আগেও এই রিজার্ভ ১১ বিলিয়ন ডলারের বেশি ছিলো। ক্যাপিটাল মেশিনারি, খাদ্যপণ্য, শিল্পের কাঁচামাল আমদানি কমার পরও রিজোর্ভ কেন কমছে- এ প্রশ্নের উত্তরে জায়েদ বখত বলেন, “এগুলোর আমদানি কমলেও জ্বালানি তেল আমদানি বেড়েছে অস্বাভাবিক হারে। এ কারণেই রিজার্ভের উপর চাপ কমছে না।” বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাই-নভেম্বর সময়ে জ্বালানি তেল আমদানির জন্য এলসি খোলার পরিমাণ বেড়েছে ১১৭ শতাংশ। গত বছরের একই সময়ে যা ১২ শতাংশ কমেছিলো। এই সময়ে সার্বিক আমদানি ব্যয় বেড়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। অন্যদিকে রপ্তানি আয় বেড়েছে ১৭ দশমিক ৩৩ শতাংশ। তবে ডিসেম্বর মাসে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বেশ বেড়েছে। প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ১১৪ কোটি ৪৪ লাখ ডলার দেশে পাঠিয়েছেন বছরের শেষ মাসে। এর আগে এক মাসে কখনোই এ পরিমাণ রেমিটেন্স দেশে আসেনি। আগে সরকার বা বাংলাদেশ ব্যাংক টাকার বিপরীতে ডলারের দর (ক্রয়-বিক্রয়) ঠিক (নির্ধারণ) করে দিতো। আর সে দরেই ডলার কেনা-বেচা হতো। কিন্তু ২০০৩ সালে দেশে ভাসমান মুদ্রা বিনিময় ব্যবস্থা (ফো¬টিং এক্সচেঞ্জ রেট) চালু হয়। এই ব্যবস্থায় বাজারের ওপর নির্ভর করেই ডলারের দাম নির্ধারিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১০১২ ঘ.