২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পোল্ট্রি বর্জ্য থেকে ২০০০ মে. ওয়াট বিদ্যুৎ সম্ভব’

পোলট্রি বর্জ্য থেকে প্রতিবছর প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 06:27 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

কক্সবাজার, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোলট্রি বর্জ্য থেকে প্রতিবছর প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শুক্রবার বিকালে কক্সবাজারে পোল্ট্রি ফার্মের বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি (বায়োগ্যাস) ও জৈব সার উৎপাদন কার্যক্রমে অর্থ বিনিয়োগের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন তিনি। গভর্নর বলেন, “জ্বালানি হিসেবে ডিজেলের উচ্চমূল্যের বিষয়টি সবার জানা। এই প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা লাঘবে নবায়নযোগ্য শক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।” তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ৫০ লাখ মানুষ পোলট্রি শিল্পের সাথে জড়িত এবং এটি গ্রামীণ কর্মসংস্থানের দ্বিতীয় উৎস। খাদ্য নিরাপত্তার দিক থেকে পোলট্রি প্রোটিনের সবচেয়ে সহজলভ্য উৎস। পোলট্রি খাতে ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্টানের সংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। “এ খাতে মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বা ১৬ হাজার কোটি টাকা। পোলট্রি বর্জ্য থেকে প্রতিবছর প্রায় ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে,” যোগ করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন খাতে স্বল্পসুদে ঋণ দিতে ২০০ কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। ‘ইবিএল নবোদয়’ নামের এই প্রকল্পে বিনিয়োগ করছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড। অনুষ্টানে ইস্টার্ন ব্যাংকের এসএমই প্রধান খোরশেদ আলম জানান, এটি ইবিএলের ১১তম এসএমই ঋণ প্রকল্প। তিনি জানান, এদিন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন এখন হলেও ইতোমধ্যে এর আওতায় ৬টি প্রকল্পে ৩৯ লাখ টাকা বিতরণ করা হয়েছে। উদ্বোধনী দিনে গভর্নর দুই জনকে ১২ লাখ টাকা ঋণ বিতরণ করেন। তিনি বলেন, এই খাতে একক ব্যক্তি বা প্রতিষ্ঠান দুই লাখ থেকে ৭০ লাখ টাকা পর্যন্ত পেতে পারে। ১০ লাখ টাকা পর্যন্ত কোনো জামানত নেয়া হবে না। শুধু দু’জন ব্যক্তিগত জামিনদারের প্রয়োজন হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/পিডি/০০২৭ ঘ.