ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি সহনীয় রাখতে বাংলাদেশ ব্যাংক তার নীতি-নির্ধারণী সুদের হার বাড়িয়েছে।
কৃষি-রপ্তানি বাদে সব ঋণের সুদের হারের উচ্চসীমা প্রত্যাহারের এক দিনের মাথায় নীতি-নির্ধারণী হার কমানো হলো।
বাজারে টাকার সরবরাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যেই এ সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নাম প্রকাশ না করার শর্তে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
চলতি অর্থবছরের জানুয়ারি-জুন মেয়াদের মুদ্রা নীতি এই মাসের তৃতীয় সপ্তাহে ঘোষণার কথা রয়েছে। তার আগেই কেন্দ্রীয় ব্যাংকের এই সব পদক্ষেপ সঙ্কোচনমুখী মুদ্রানীতির আভাস দিচ্ছে।
বৃহস্পতিবার ব্যাংকগুলোতে পাঠানো এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, বাংলাদেশ ব্যাংকের রেপো ও রিভার্স রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৭ দশমিক ২৫ ও ৫ দশমিক ২৫ ভাগ থেকে বাড়িয়ে যথাক্রমে শতকরা ৭ দশমিক ৭৫ ও ৫ দশমিক ৭৫ ভাগে পুনঃনির্ধারণ করা হল।
অর্থ্যাৎ দুই ক্ষেত্রেই সুদের হার শূন্য দশমিক ৫০ শতাংশ করে বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত ৫ সেপ্টেম্বর রেপো ও রিভার্স রেপোর সুদের হার শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়ানো হয়েছিল।
কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা নীতি বিভাগের মহাব্যবস্থাপক বেগম সুলতানা রাজিয়া স্বাক্ষরিত ‘বাংলাদেশ ব্যাংকের রেপো ও রিভার্স রেপো সুদ হার পুনঃনির্ধারণ প্রসঙ্গে’- শীর্ষক সার্কুলারে বলা হয়, ৮ জানুয়ারি থেকে রেপো ও রিভার্স রেপোর নতুন সুদের হার কার্যকর হবে।
রেপো হচ্ছে- বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ট্রেজারি বন্ডের বিপরীতে স্বল্প সময়ের জন্য কেন্দ্রীয় ব্যাংক থেকে যে টাকা ধার (ঋণ) করে তার সুদের হার।
আর রিভোর্স রেপো হচ্ছে- ঠিক তার উল্টোটি, অর্থ্যাৎ বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে যে টাকা ধার করে তার সুদের হার।
রেপোর সুদের হার বাড়ায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে আগের থেকে কম টাকা ধার করবে। এর ফলে বাজারে টাকার সরবরাহ কমবে। স্বাভাবিকভাবে মূল্যস্ফীতিও কমার কথা।
অন্যদিকে রিভার্স রেপোর সুদের হার বাড়ানোয় কেন্দ্রীয় ব্যাংকও তফসিলি ব্যাংকগুলো থেকে কম টাকা ধার করবে। এর ফলেও বাজারে টাকার সরবরাহ কমবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসওয়ারি) ডিসেম্বরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ।
নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৫৮ শতাংশ। অক্টোবর ও সেপ্টেম্বরে ছিল যথাক্রমে ১১ দশমিক ৪২ ও ১১ ৯৭ শতাংশ।
সব ঋণের সুদের হারের উচ্চসীমা প্রত্যাহার
বুধবার অপর এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক কৃষি ও রপ্তানি ঋণ ছাড়া সব খাতের ব্যাংক ঋণে সুদের হারের ঊর্ধ্বসীমা প্রত্যাহার করে নিয়েছে। অর্থ্যাৎ ব্যাংকগুলো এখন এ দুটি খাতের ঋণ ছাড়া অন্য সব ঋণের সুদের হার নিজেরাই নির্ধারণ করতে পারবে।
সে ক্ষেত্রে এ সব ঋণের সুদের হার বেড়ে যাবে, কমবে বেসরকারি খাতে ঋণ প্রবাহ, যার ইতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে।
বুধবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারির পর তা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২৩৩৩ ঘ.
bdnews24