২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে মূল্যস্ফীতি কমলেও অন্য খাতে বেড়েছে

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে, ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কমে ১০ দশমিক ৬৩ শতাংশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 02:27 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত বছরের শেষ মাস ডিসেম্বরে খাদ্য খাতে মূল্যস্ফীতি আগের মাসের তুলনায় কমলেও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে বহির্ভূত খাতে বেড়েছে। অবশ্য পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে (মাসভিত্তিক) ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরের ১১ দশমিক ৫৮ শতাংশ থেকে কমে হয়েছে ১০ দশমিক ৬৩ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক শাহজাহান আলী মোল্লা বৃহস্পতিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেন, “বিদ্যুতের দাম বাড়ায় নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে ১ দশমিক ২২ শতাংশ পয়েন্ট। অন্যদিকে খাদ্য খাতে দশমিক ৭৪ শতাংশ পয়েন্ট কমেছে।” এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের মূল্যস্ফীতি পরিস্থিতির হাল-নাগাদ তথ্য প্রকাশ করেন তিনি। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ৪০ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ১২ দশমিক ৪৭ শতাংশ। অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি ১০ দশমিক ১৯ শতাংশ থেকে বেড়ে ১১ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। শাহজাহান আলী বলেন, “বিদ্যুতের ওপর অনেক কিছু নির্ভর করে। পহেলা ডিসেম্বর থেকে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এর প্রভাব মূল্যস্ফীতিতে পড়েছে। নভেম্বরের চেয়ে ডিসেম্বরে পরিধেয় বস্ত্র, বাড়ি ভাড়া ও বিদ্যুৎ, চিকিৎসা সেবা খরচ, বাস ভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালী এবং লন্ড্রি সামগ্রীর দাম বেড়েছে। অন্যদিকে ডাল, শাক-সবজি, ফল ও মসলা জাতীয় দ্রব্যের দাম কমেছে।” এ কারণেই ডিসেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিদায়ী ২০১১ সালে গড় মূল্যস্ফীতির হার ছিল ১০ দশমিক ৭০ শতাংশ। আগের বছর, অর্থ্যাৎ ২০১০ সালে তা ছিল ৮ দশমিক ১৩ শতাংশ। এর আগে গত অক্টোবর মাসে সার্বিক মূল্যস্ফীতির হার ছিল ১১ দশমিক ৪২ শতাংশ। সেপ্টেম্বরে ছিল ১১ দশমিক ৯৭ শতাংশ। ১৯৯৫-৯৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির এ তথ্য প্রকাশ করেছে পরিসংখ্যান ব্যুারো। আগামী এপ্রিল থেকে ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হার হিসাব করা হবে বলে ঘোষণা দেন মহাপরিচালক। “অনেক দিন ধরে আমরা ভিত্তি বছর পরিবর্তনের জন্য কাজ করছি। আশা করছি, আগামী এপ্রিল থেকে নতুন ভিত্তি বছর অনুযায়ী মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করতে পারবো।” মূল্যস্ফীতি দুই অংকের ঘরে (১০ শতাংশ) থাকলেও মানুষ কষ্টে নেই দাবি করে শাহজাহান বলেন, “মানুষের ক্রয়-ক্ষমতা বেড়েছে। গ্রামে-গঞ্জে কেউ না খেয়ে নেই। গ্রামে একজন দিনমজুর দিনে ৪০০ টাকা পায়। যা দিয়ে প্রায় ১০/১২ কেজি চাল পাওয়া যায়।” “১০ টাকার নিচে রিকশা ভাড়া নেই। একজন রিকশাচালক দিনে ৭০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত রোজগার করেন,” বলেন তিনি। ডিসেম্বরে গ্রামে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১০ দশমিক ২৫ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ১১ দশমিক ৩৭ শতাংশ। ডিসেম্বরে গ্রামে খাদ্য খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৬০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে হয়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে শহরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ১১ দশমিক ৬২ শতাংশ। নভেম্বরে এ হার ছিল ১২ দশমিক ১১ শতাংশ। ডিসেম্বরে শহরে খাদ্য ও খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে যথাক্রমে ১২ দশমিক ২৬ ও ১০ দশমিক ৭৪ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিবিএস মহাপরিচালক বলেন, আমনের বাম্পার ফলনের কারণে দেশে পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। আগামী এক বছর কোনো চাল আমদানি করতে হবে না বলেও সরকারিভাবে বলা হচ্ছে। “সে বিবেচনায় আগামীতে চালের দাম বাড়বে না বলেই মনে হচ্ছে”, যোগ করেন তিনি। আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিবিএসের উপ-মহাপরিচালক মিজানুর রহমান ও পরিচালক আইনুল কবির বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/২০০৮ ঘ.