ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোজ্য তেলের দাম বাড়ানো হবে কি না সে বিষয়ে আগামী রোববার ট্যারিফ কমিশনের বৈঠকে সিদ্ধান্ত হবে।
ব্যবসায়ীদের দাবির মুখে বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ভোজ্য তেল পরিশোধন কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকে বসলেও এদিন কোনো সিদ্ধান্ত হয়নি।
সভা শেষে বাণিজ্য সচিব গোলাম হোসেন জানান, ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়াকে কারণ দেখিয়ে ভোজ্য তেলের দাম বাড়ানোর দাবি করেন মিল মালিক ও ব্যবসায়ীরা।
তবে তেলের দাম আপাতত বাড়ানোর কোনো যৌক্তিক কারণ নেই- মন্তব্য করে তিনি বলেন, “তাই মূল্য স্থিতিশীল রাখার ব্যাপারে ট্যারিফ কমিশনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
বৈঠকে অংশগ্রহণকারী ব্যবসায়ী এবং ভোজ্য তেল পরিশোধন কারখানার মালিকরাও এ বিষয়ে কিছু বলেননি।
এর আগে গত ২৭ ডিসেম্বর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে একই দাবি তুলে ধরেছিলেন ব্যবসায়ীরা। সেদিন শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি একে আজাদ বলেছিলেন, বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের সঙ্গে সভা করে ভোজ্যতেলের দাম নতুন করে নির্ধারণ করা হবে।
সর্বশেষ গত বছরের ২০ জুলাই খুচরা বাজারে প্রতি লিটার সয়াবিনের দাম ১০৯ ও পাম তেলের দাম ৯৯ টাকা নির্ধারণ করে সরকার।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১ জানুয়ারিও ঢাকার খুচরা বাজারে ১২২ থেকে ১২৪ টাকায় বিক্রি হয়। পাম অয়েলের দাম ছিল ৯০ থেকে ৯২ টাকা।
বৃহস্পতিবারের বৈঠকের বিষয়ে মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সয়াবিনসহ ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির বিষয় ছাড়াও বর্তমানে প্রচলিত পরিবেশক প্রথা কঠোরভাবে কার্যকর করার বিষয়েও সভায় আলোচনা হয়।
তিনি জানান, পরিবেশক প্রথা চালুর সঙ্গে সঙ্গে চাহিদাপত্র (ডিও) পদ্ধতি বাতিল করে সরবরাহপত্র (এসও) পদ্ধতি চালু হয়। এ পদ্ধতিতে উৎপাদনকারী বা পরিশোধনকারী কারখানা মালিকদের অপরিশোধিত তেল আমদানি, প্রকৃত উৎপাদন, সরবরাহ পরিস্থিতি এবং পরিবেশকদের সার্বিক তথ্য সরকারকে অবহিত করার বিধান রয়েছে।
“কিন্তু অনেক কারখানাই এ পদ্ধতি যথাযথভাবে মানছে না। তাই ডিও প্রথার মতো নতুন করে এসও ব্যবসার অভিযোগ পাওয়া যাচ্ছে। আগের ডিও ব্যবসায়ীরাই নতুন এ পদ্ধতিতে তেল কিনে মজুদ রাখছে এবং বাজারে মূল্য বাড়াচ্ছে,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
এই কর্মকর্তা জানান, ট্যারিফ কমিশনে রোববারের বৈঠকে তেলের মূল্য না বাড়িয়ে বর্তমান বাজার মূল্য স্থিতিশীল রাখার পক্ষেই মতামত দেন সচিব।
সভায় ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন, মেঘনা গ্র“পের মোস্তফা কামাল, সিটি গ্র“পের ফজলুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/এমআই/২৩০০ ঘ.
bdnews24