২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছোট্ট এক ওষুধের দোকান দিয়ে শুরু যার

বাবার কর্মসূত্রে ছেলেবেলা থেকেই ওষুধ ব্যবসার খুঁটিনাটি জানতেন স্যামসন এইচ চৌধুরী। তাই ব্যবসায় যখন নামলেন সেই ১৯৫২ সালে, তখন শুরুটা করেছিলেন জন্মশহর পাবনায় একটি ওষুধের দোকান দিয়ে। ২০১২ সালে যখন তিনি মারা গেলেন, তখন তার গড়া স্কয়ার গ্র“প দেশের অন্যতম বড় ব্যবসায় প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 09:04 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার কর্মসূত্রে ছেলেবেলা থেকেই ওষুধ ব্যবসার খুঁটিনাটি জানতেন স্যামসন এইচ চৌধুরী। তাই ব্যবসায় যখন নামলেন সেই ১৯৫২ সালে, তখন শুরুটা করেছিলেন জন্মশহর পাবনায় একটি ওষুধের দোকান দিয়ে। ২০১২ সালে যখন তিনি মারা গেলেন, তখন তার গড়া স্কয়ার গ্র“প দেশের অন্যতম বড় ব্যবসায় প্রতিষ্ঠান। গত শতকের ’৫০ এর দশকে, যখন বাঙালিদের শিল্পোদ্যোক্তা হয়ে ওঠার নজির খুব একটা ছিল না, সেই পাকিস্তান আমলেই যাত্রা শুরু করেছিলেন স্যামসন এইচ চৌধুরী। ৫০ বছরে ব্যবসার প্রসার ঘটেছে অনেক। ফার্মাসিউটিক্যালস দিয়ে শুরু হলেও প্রসাধনসামগ্রী, টেক্সটাইল, কৃষিপণ্য, তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও মিডিয়াতেও বিস্তৃত এখন স্কয়ার, যার কর্মী সংখ্যা ২৮ হাজারেরও বেশি। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে স্কয়ারের পণ্য। শুধু সফল শিল্পোদ্যোক্তাই ছিলেন না, দেশের অন্যতম শ্রেষ্ঠ করদাতাও ছিলেন স্যামসন এইচ চৌধুরী। ২০০৭-০৮ অর্থবছরে সর্বোচ্চ করদাতার পুরস্কার পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে। সরকারের কাছ থেকে পেয়েছেন সিআইপির সম্মান। তাই স্যামসন এইচ চৌধুরীকে একজন আদর্শবাদী শিল্পোদ্যোক্তা হিসেবে মনে রাখবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই মৃত্যুতে অর্থমন্ত্রীর প্রতিক্রিয়া- “প্রায় অর্ধ শতাব্দী ধরে তার সঙ্গে আমার পরিচয়। তিনি একজন আদর্শবাদী ব্যবসায়ী-শিল্পপতি। দেশের ওষুধ শিল্পের তিনি একজন দিকপাল। তিনি দেশের একজন শ্রেষ্ঠ করদাতাও। তার মৃত্যুতে দেশ একজন সফল ব্যবসায়ী-উদ্যোক্তা হারালো।” স্যামসন চৌধুরীর জন্ম ১৯২৬ সালের ২৫ ফেব্র“য়ারি পাবনার আতাইকুলা গ্রামে। তার বাবা ছিলেন ডিসপেনসারির মেডিক্যাল অফিসার। ভারতে পড়ালেখা শেষ করে ১৯৫২ সালে গ্রামে ফিরে ছোটো একটি ওষুধের দোকান খোলেন স্যামসন। পরে চার বন্ধু মিলে ১৯৫৮ সালে গড়ে তোলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই নামকরণ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “এটি চার বন্ধুর প্রতিষ্ঠান। এর লোগোও তাই বর্গাকৃতির।” ১৯৫৮ সালে তার সেই ছোট উদ্যোগ আজ বিশাল একটি শিল্পগ্র“পে পরিণত হয়েছে। স্কয়ার গ্র“পের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এ প্রতিষ্ঠানের বাৎসরিক আয় ৬১ কোটি ৬০ লাখ ডলার। ১৯৮৩ সালে যে ঔষধ নীতি প্রণয়ন হয়, তাতেও অবদান ছিলো স্যামসন চৌধুরীর। বাংলাদেশে ওষুধ শিল্প সমিতির সাবেক সভাপতি ও উপদেষ্টা ছিলেন তিনি। বাংলাদেশের ভেষজ পণ্য উৎপাদনকারী সমিতির সভাপতিরও দায়িত্ব পালন করছিলেন তিনি। স্কয়ারগ্র“প ছাড়াও শাহবাজপুর টি এস্টেট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান স্যামসন চৌধুরী। দেশের গুরুত্বপূর্ণ অনেক সংস্থা ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এই উদ্যোক্তা-শিল্পপতি। তিনি মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর পরিচালক এবং ইন্টারন্যাশনাল চেম্বর অব কমার্স বাংলাদেশের ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানির প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। তিনি সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ (সিডিবিএল) ও মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্টেন্ট অ্যান্ড সার্ভিসের (এমআইডিএএস) চেয়ারম্যান। স্যামসন এইচ চৌধুরী ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপটারের চেয়ারম্যান ছিলেন ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/আরবি/এসইউ/এমআই/১৫০০ ঘ.