২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিএমইএ নিজেরাই ভবন সরাবে, আশা সরকারের

হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে বিজিএমইএ ভবন সরিয়ে নিতে কোনো ধরনের চাপ দিতে আনাগ্রহের কথা সরাসরি জানালেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাতিরঝিল প্রকল্প এলাকা থেকে বিজিএমইএ ভবন সরিয়ে নিতে কোনো ধরনের চাপ দিতে আনাগ্রহের কথা সরাসরি জানালেন সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। তিনি বলেছেন, বিজিএমই কর্তৃপক্ষের শুভবুদ্ধির জন্য সরকার অপেক্ষা করবে। হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অগ্রগতি বিষয়ক সংবাদ সম্মেলন শেষে বুধবার প্রকল্প এলাকা পরিদর্শনের সময় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান খান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই বিষয়ে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন, “সরকার আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। তবে আমরা কোনোভাবে বল প্রয়োগ করবো না। আমার মনে হয়, একসময় তাদের শুভবুদ্ধির উদয় হবে। এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়নের স্বার্থে তারা নিজেরাই এখান থেকে সরে যাবে।” জলাধার রক্ষা আইন লঙ্ঘন করে কারওয়ান বাজারে হাতিরঝিল প্রকল্প এলাকায় গড়ে ওঠা বিজিএমইএ ভবন গত বছরের ৩ এপ্রিল ভাঙার নির্দেশ দেয় হাইকোর্ট। দুদিন পর বিজিএমইএ এই আদেশ বাতিলের আবেদন জানালে আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত করে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ১৯৯৮ সালে এই ভবন নির্মাণের জন্য সোনারগাঁও হোটেলের পাশের বেগুনবাড়ী খালপাড়ের এ জায়গাটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) কাছ থেকে ৫ কোটি ১৭ লাখ টাকায় কেনে। ২০০৬ সালে ভবনটির নির্মাণ কাজ শেষ হয়। অভিযোগ রয়েছে, এ ভবন নির্মাণের ক্ষেত্রে নগর উন্নয়ন আইন, ভবন নির্মাণ আইনও লঙ্ঘন হয়েছে। রাজউক ভবনটির নকশা অনুমোদনও করেনি। হাতিরঝিল এলাকা পরিদর্শনের আগে কারওয়ানবাজারে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর ক্যাম্পে প্রতিমন্ত্রী প্রকল্পের সার্বিক অগ্রগতির তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, একসময় অতিরিক্ত কার্বন এবং দুর্গন্ধের কারণে হাতিরঝিল এলাকায় মানুষ বসবাস করতে পারতো না। এ প্রকল্প বাস্তবায়নের ফলে মানুষের জীবনযাপন স্বাভাবিক হবে। এ প্রকল্পে লেকের পাশে ওয়াকওয়ে (হাঁটাপথ), এক্সপ্রেসওয়ে এবং সার্ভিস রোড থাকবে। এছাড়াও নৌ-পথে ওয়াটার বাসের ব্যবস্থা থাকবে। এই বছরের ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে জানিয়ে মান্নান খান বলেন, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও ভূমি খননের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। চারটি সেতু এবং ওভারপাস নির্মাণের কাজ ইতোমধ্যে ৭০ শতাংশ শেষ হয়েছে। ফুটপাত ও ওয়াকওয়ে নির্মাণের কাজও অর্ধেক শেষ হয়েছে। হাতিরঝিল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৭১ কোটি ৩০ লাখ ৪৮ হাজার টাকা। এর মধ্যে ১ হাজার ৪৬৭ কোটি ২৬ লাখ টাকার কাজ হয়েছে। চলতি বছরের সংশোধিত এডিপিতে এই জন্য ৪১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্প বাস্তবায়নের বিলম্ব এবং দীর্ঘসূত্রতার কারণ সম্পর্কে মান্নান খান বলেন, আদালতে ৭২টি মামলা ছিল। এসব মামলা নিষ্পত্তি করে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৯০০ ঘ.