ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকারের দক্ষ ব্যবস্থাপনার ফলে বিদায়ী বছরে বিদেশে কর্মী পাঠানোর হার বেড়েছে।
বুধবার তিনি এক অনুষ্ঠানে বলেন, ২০১১ সালে পাঁচ লাখ ৬৮ হাজার কর্মী বিদেশে গেছে। যা ২০১০ সালে ছিল তিন লাখ ৯০ হাজার।
রাজধানীর কাকরাইলে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সভাকক্ষে ‘জব প্লেসমেন্ট সেল’-এর উদ্যোগে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
প্রশিক্ষণার্থীদের বাধ্যতামূলক নিবন্ধন, ডাটাবেজ তৈরি ও হালনাগাদ করা এবং দেশের ৩৮টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তিকে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রাধিকার দিয়ে কাজের সুযোগ বাড়ানোর জন্য এ সেলটি গঠন করা হয়েছে।
কর্মশালার উদ্বোধন করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তিকে বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। প্রশিক্ষিত কর্মীরা বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল ও রেমিটেন্স অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
জব প্লেসমেন্ট সেলকে বিদেশগামী কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেল বলে অভিহিত করেন তিনি। ।
বিদেশে কর্মী প্রেরণে সতর্ক থাকার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, বিদেশে কর্মী পাঠানোয় প্রতারণা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে।
বিএমইটির ভারপ্রাপ্ত মহাপরিচালক হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান, প্রকল্প পরিচালক শরিফুল আলম এবং প্রকল্পের উপসচিব তাহসিনুর রহমান ও সৈয়দ তাজুল ইসলাম বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৫৯ ঘ.
bdnews24