ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের বিভিন্ন স্থান থেকে আসা আলুচাষীরা রাজধানীতে এক সংবাদ সম্মেলনে ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ ১০ দফা দাবি জানায় বুধবার।
জাতীয় প্রেস ক্লাবে চাষীরা বলেন, দেশে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় এবং আলুর মূল্যের চেয়ে হিমাগারের ভাড়া বেশি হওয়ায় তারা পথে বসতে চলেছেন।
মুন্সীগঞ্জের আলুচাষী আইয়ুব আলী বলেন, “গত বছর আলু চাষ করার মূলধন যোগাতে স্ত্রীর গহনা বন্ধক রেখেছিলাম। কিন্তু আলু বিক্রি করে মূলধনটিও তুলতে পারিনি। এখন গলায় দড়ি দেওয়া ছাড়া আর কিছু করার নেই।”
তিনি বলেন, গত বছর মুন্সিগঞ্জ জেলার ছয়টি থানার চারটিতেই আলুর বাম্পার ফলন হয়েছে। এরপরও আলুর যা মূল্য তাতে কৃষকের পক্ষে হিমাগারের ভাড়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না।
রংপুর জেলার পীরগঞ্জ এলাকার আলু চাষী শফিকুল ইসলাম বলেন, “দুই বিঘা জমিতে আলু চাষ করলাম। প্রায় ১৪০ মণের মতো আলু পেয়েছি। কিন্তু উৎপাদনের পরে কিছু ১৭০ টাকা মণ দরে বিক্রি করলাম আর বাকিগুলো হিমাগারে সংরক্ষণ করলাম। আলুর বাজার দর নাই, তাই ৪০ বস্তা অর্থের অভাবে এখনো হিমাগারে পরে আছে। ওগুলো তুলতে গেলে পথে বসতে হবে।”
কৃষকদের অন্য দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- আলুর মূল্য নির্ধারণ নীতিমালা প্রণয়ন, আলুচাষীদের জন্য আপদকালীন সহায়তা প্রদান, দেশীয় পদ্ধতিতে আলু সংরক্ষণের জন্য চাষীদের আর্থিক সহযোগিতা, আলু চাষ অঞ্চলগুলোতে সব ধরনের ব্যাংক এবং এনজিওর ঋণের কিস্তি গ্রহণ বন্ধ রাখা এবং দেশে আলুভিত্তিক পণ্যের সম্প্রসারণ ও শিল্পায়ন ।
বগুড়ার চাষী মোবারক বলেন, গত বছর প্রতি মণ আলুর উৎপাদন খরচ ছিলো প্রায় ২৪০ থেকে ২৫০ টাকা, অথচ বাজারে এর মূল্য ছিলো ১২০ থেকে ১৪০ টাকা।
অনেক কৃষকই পরবর্তীতে লাভের আশায় আলু হিমাগারে সংরক্ষণ করেন জানিয়ে তিনি বলেন, কিন্তু দেখা যাচ্ছে উৎপাদন খরচ এবং হিমাগার ভাড়া বাবদ প্রতি বস্তায় মোট খরচ হচ্ছে ১৩৮০ টাকা। বাজারে এর মূল্য ৩৫০ থেকে ৪০০ টাকা।
বগুড়ার গাবতলী এলাকার আলুচাষী রওশন আরা বলেন, “গত বছর ৫০ মণ আলু করেছিলাম। অর্ধেকেরও বেশি হিমাগারের ভাড়া পরিশোধ করতে না পারায় সেখানেই রয়ে গেছে। এ বছর আর লোকসানের ভয়ে আলু করি নাই।”
গ্রামীণ জীবনযাত্রার স্থায়ীত্বশীল উন্নয়ন প্রচারাভিযান (সিএসআরএল) ও কর্মজীবী নারী যৌথভাবে জাতীয় প্রেস ক্লাবে ‘আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করো’ শিরোনামের এ সংবাদ সম্মেলন আয়োজন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/পিডি/১৮৩৮ ঘ.
bdnews24