ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র উন্নয়নসহ তিনটি প্রকল্পে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বুধবার এ নিয়ে দাতা সংস্থাটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ বলেন, এডিবির দেওয়া অর্থ দিয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি পুরানো ইউনিট পাল্টানো হবে।
ইউনিটগুলো বদলানোর পর আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র বর্তমানের ২৬০ মেগাওয়াটের জায়গায় ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলে জানান সচিব।
এছাড়া এ অর্থে ১২ দশমিক ৫ মেগাওয়াটের নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্র তৈরি এবং রংপুর ছাড়া অন্য সব বিভাগীয় সড়কের এক হাজার কিলোমিটার সড়ক বাতি লাগানো বা মেরামত করা হবে।
এর আগে ২০০৭ সালে টেকসই বিদ্যুৎ খাতে উন্নয়ন প্রকল্পের জন্য এডিবি ৪৬ কোটি ৫০ লাখ ডলারের ঋণ সহায়তা দেয়।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে আরও কার্যকর উপায়ে গ্যাস ব্যবহার করা হবে বলে জানান সচিব ইকবাল মাহমুদ।
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ইউনিটগুলো পাল্টানোর প্রকল্প বাস্তবায়নে মোট ৫৮ কোটি ১০ লাখ ডলার লাগবে যাতে এডিবি ছাড়াও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ২০ কোটি ডলার ও সরকার ৮ কোটি ১০ লাখ ডলার দেবে।
২০১৪ সালের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে জানান সচিব।
দশমিক ৩ শতাংশ সুদে ২৫ বছরে এডিবির দেওয়া ঋণ শোধ করতে হবে। বাড়তি সময় পাওয়া যাবে আরও পাঁচ বছর।
এডিবির আবাসিক প্রতিনিধি থেভাকুমার কান্দিয়াহ বলেন, এডিবি বাংলাদেশকে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের (সিডিএম) জন্য প্রস্তাব তৈরিতে সহায়তা করবে।
এ প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ বছরে হাজার হাজার টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে পারবে।
বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবির সদস্য হয়। ম্যানিলাভিত্তিক এই দাতা সংস্থা থেকে এ পর্যন্ত বাংলাদেশ ১ হাজার ৩০০ কোটি ডলার ঋণ সহায়তা পেয়েছে।
২০১১-১৫ মেয়াদে এডিবি ৪৫০ কোটি ডলারের অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্র“তি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউ/১৮১১ ঘ.
bdnews24