রুবী আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম শ্রেণীর ছাত্র তমালের এর আগেও বঙ্গবন্ধুর ভাষণ দেখা হয়েছে, শোনাও হয়েছে অসংখ্যবার। তারপরও তার মত, জাতির পিতার নানা প্রতিকৃতি আর স্মৃতির মাঝে এবারের দেখাটা গেঁথে থাকবে আজীবন।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ প্যাভিলিয়নে শেরে বাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের এই ছাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলল, “টিভিতে এর আগেও বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি। আজ এখানে দেখলাম। বইপত্র ঘেটে জানলাম নানা তথ্য। মনে হচ্ছিলো বঙ্গবন্ধু আমার সামনেই দাঁড়িয়ে।”
মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে এই প্যাভিলিয়নটি স্থাপন করেছে। প্যাভেলিয়নে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি। এ ছাড়া রয়েছে বিভিন্ন সময়ে দেশে-বিদেশে বঙ্গবন্ধুর তোলা ১০১টি ছবি।
বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন লেখকদের লেখা ২৭টি বই ও বঙ্গবন্ধুর দেওয়া স্মরণীয় ১৫টি উক্তি বাঁধাই করে রাখা হয়েছে এই প্যাভিলিয়নে।
১৯৫৯ সালের ১৬ এপ্রিল কারাগার থেকে বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছার কাছে লেখা চিঠির সামনে দাঁড়িয়ে অনেকটাই উচ্ছ্বসিত পরীবাগের রেহনুমা রেনু।
জানতে চাইলে বললেন, “স্ত্রী ফজিলাতুন্নেছাকে বঙ্গবন্ধু রেনু নামে সম্বোধন করেছেন। আমার নামও রেনু। এতদিন জানতাম না। এই তথ্য জেনে অন্যরকম লাগছে।”
শুধু বইপত্র আর ছবি নয়, ছয়টি কম্পিউটারে রয়েছে বঙ্গবন্ধুর জীবনী, স্থিরচিত্র, ভিডিও চিত্র, ডিজিটাল বাংলাদেশ গড়ার ওপর একটি প্রামাণ্য চিত্র, সরকারের দুই বছরের বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য।
কাফরুলের বাসিন্দা জহিরুল আলম তার ছোট মেয়েকে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মেয়েকে দাঁড় করিয়ে ছবি তুলে দিচ্ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ৭১ এ যুদ্ধ দেখেছি। আমরা জানি দেশের জন্য বঙ্গবন্ধুর অবদান কী। নতুন প্রজন্ম তো তাকে (বঙ্গবন্ধু) দেখেনি; তার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারাও অনেক সম্মানের।”
জহিরুল আলমের মতো অনেককেই দেখা গেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে। পুরান ঢাকার কাপড় ব্যবসায়ী মো. নজরুল বলেন, “ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে ক্যামেরা নিয়ে কখনো যেতে পারিনি। ওখানে ছবি তোলার খুব শখ ছিলো। আজ মুজিবের প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পেরে আনন্দ লাগছে।”
এ ধরনের সুযোগ করে দেওয়ার জন্য ইপিবিকে ধন্যবাদ জানান জহির।
ইপিবির উপ-পরিচালক অনুপ কান্তি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার বলেন, বঙ্গবন্ধু সম্পর্কে জানাতে গত বছর থেকে বাণিজ্য মেলায় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নামে প্যাভেলিয়ন রাখা হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট একদল সেনাসদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করে। বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের মধ্যে সবার বড় ছিলেন শেখ হাসিনা, যিনি এখন দেশের প্রধানমন্ত্রী।
’৭৫ এ দুই মেয়ে ছাড়া বঙ্গবন্ধু পরিবারের সবাই নিহত হন। দেশে না থাকায় সে সময় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা।
দীর্ঘ সময় পর এ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে গত বছর পাঁচ জন সাবেক সেনা কর্মকর্তার ফাঁসি কার্যকর হয়। পলাতক রয়েছে ছয় আসামি।
গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণিজ্য মেলার উদ্বোধন করেন। এবার মেলায় বাংলাদেশের বাইরে ১২টি দেশের ৪৭টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। উত্তর আফ্রিকার দেশ মরক্কো এবার প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিট বড়দের জন্য ২০ টাকা এবং শিশুদের জন্য ১০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এএল/এমআই/২২৫৮ ঘ.
bdnews24