বেনাপোল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসব ও মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে ছুটি থাকায় বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি টানা ছয় দিনের জন্য বন্ধ হতে যাচ্ছে। তবে বিশেষ ব্যবস্থায় চলবে শুধু ইলিশ রপ্তানি।
আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকবে। তার পরদিন থেকে অর্থাৎ ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটিতেও বন্ধ থাকবে বেনাপোলের ওপারের পেট্রাপোল বন্দর।
ভারতে ছুটির পরদিন ৭ অক্টোবর শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটি থাকায় টানা ছয় দিন এ পথে দু'দেশের মধ্যে কোনো আমদানি-রপ্তানি হবে না।
তবে এ সময়টাতে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে লোড আনলোডসহ পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল চেকপোস্টের বিপরীতে ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী এক চিঠিতে পূজার ছুটিতে তাদের কাজ না হওয়ার কথা জানিয়েছেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কার্তিক চক্রবর্তীর চিঠিতে ছুটির কয়দিনে শুধু ইলিশ মাছ রপ্তানির বিষয়ে জানানো হয়েছে।
ওই চিঠির কথা বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।
বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার আজিজুর রহমান জানান, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময়ে দু'দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে। এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য চালান লোড-আনলোডের কাজও চলবে।
তবে টানা ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে এর প্রভাব পড়বে বলে আশঙ্কা করছে বন্দর ব্যবহারকারীরা। বেনাপোল বন্দরের নিয়মিত পণ্যজটের সঙ্গে এ ছ'দিনের বন্ধ নতুন সঙ্কট সৃষ্টি করতে পারে বলে মনে করছেন তারা।
বিভিন্ন ধরনের সুবিধার কারণে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ৯০ শতাংশই আসে বেনাপোল বন্দর দিয়ে। এর মধ্যে রয়েছে মাত্র সাত দিনের এলসিতে পণ্য আনার সুবিধাও।
এছাড়া দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল চেকপোস্ট থেকে কলকাতার দূরত্ব মাত্র ৮১ কিলোমিটার হওয়াটাও একটা সুবিধা আমদানি-রপ্তানির জন্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৩০ ঘ.
bdnews24