দিহান মারছি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতির লাগাম টেনে ধরতে বাজারে টাকার প্রবাহ কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এসএলআর (স্ট্যাচুটরি লিক্যুইডিটি রেশিও) সংরক্ষণ প্রক্রিয়ার কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলোর এইচটিএম (হেল্ড টু ম্যাচুরিটি) সিকিউরিটিজে বিনিয়োগের পরিমাণ এখন থেকে তাদের সহজে বিনিময়যোগ্য সম্পদের (এসএলআর) ৫০ শতাংশের বদলে ৭৫ শতাংশ হতে হবে। ১ অক্টোবর থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
এর আগে গত ২৯ মে আরেকটি সার্কুলারের মাধ্যমে এই হার ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক মুস্তফা কে মুজেরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলোকে এখন সরকারি সিকিউরিটিজে বেশি অর্থ সংরক্ষণ করতে হবে। এতে বাজারে টাকার প্রবাহ অর্থ্যাৎ তারল্য কমবে, যা মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।"
"আমার মনে হয়, বাংলাদেশ ব্যাংক যে সঙ্কোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে- তা বাস্তবায়নের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে", যোগ করেন তিনি।
বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশনের মহাব্যবস্থাপক কে এম গাওছুজ্জামান স্বাক্ষরিত এই সার্কুলার বৃহস্পতিবারই সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ মুজেরী বলেন, নতুন নির্দেশনার ফলে ব্যাংকগুলো এখন সরকারের এইচটিএম সিকিউরিটিজে বেশি বিনিয়োগ করতে পারবে। এতে একদিকে যেমন ব্যাংকগুলো বেশি সুদ পাবে, অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিও কমবে।
সরকার স¤প্রতি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার বাড়িয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে অগাস্ট মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে ১১ দশমিক ২৯ শতাংশে পৌঁছায়। জুলাই মাসে এ হার ছিল ১০ দশমিক ৯৬ শতাংশ। জুন মাসে ছিল ১০ দশমিক ১৭ শতাংশ।
গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৭ শতাংশের মধ্যে থাকবে বলে আশা প্রকাশ করেছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে বছর শেষে তা ৮ দশমিক ৮ শতাংশে পৌঁছায়।
চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটে গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধরা হয়েছে।
"তবে অর্থবছরের প্রথম দুই মাসের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, বাজেটে মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- তা ধরে রাখা কোনোভাবেই সম্ভব হবে না", বলেন মুজেরী।
কেন্দ্রীয় ব্যাংকের নতুন সিদ্ধান্তের ফলে পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দেবে কি না- এ প্রশ্নের জবাবে মুজেরী বলেন, 'না, তেমন কোনো আশঙ্কা নেই।'
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৪টি প্রাইমারি ডিলার ব্যাংক (সরকারি মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংক সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী এবং ১০টি বেসরকারি ব্যাংক) সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/০১০৪ ঘ.
bdnews24