ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে বলেছেন বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রী জি এম কাদের।
ঢাকায় শুরু হওয়া তিন দিনের এশীয় পর্যটন মেলা ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পর্যটন বিষয়ক মাসিক পত্রিকা 'পর্যটন বিচিত্রা' এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ মেলার আয়োজন করেছে। মেলা চলবে ১ অক্টোবর পর্যন্ত।
জি এম কাদের বলেন, সরকার এ খাতে বিনিয়োগকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করবে। বাংলাদেশের পর্যটনকে এগিয়ে নিতে প্রথমে দেশীয় পর্যটকদের এ ব্যাপারে উৎসাহ দিতে হবে।
প্রতিবছর ৭০ লাখ পর্যটক শ্রীলঙ্কা এবং ৬০ লাখ পর্যটক ফিলিপাইন ভ্রমণ করলেও বাংলাদেশে প্রতি বছর মাত্র পাঁচ লাখ পর্যটক আসে। অবশ্য এ সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বলে জানান মন্ত্রী।
অন্যদের মধ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান এবং বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউল ইসলাম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন তালুকদার, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত এইচ ই জেট মির্জাল জয়েলদ্দিন, শ্রীলংকার হাইকমিশনার শরৎ রাগদা, ফিলিপাইনের রাষ্ট্রদূত এইচ ই বাহনারিম আবু গুইনমলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, ইরান, চীন, ভিয়েতনাম, জর্ডান ও ফিলিপাইনের ১৯০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিচ্ছে।
টিকিটের দাম রাখা হয়েছে ২০ টাকা। অবশ্য শিক্ষার্থীরা ১০ টাকায় মেলায় প্রবেশ করতে পারবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৭৪২ ঘ.
bdnews24