চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব ধরনের খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আনু মুহাম্মদ বুধবার বিকালে চট্টগ্রামে এক সমাবেশে এ দাবি জানান।
একইসঙ্গে বিদেশি কোম্পানির সঙ্গে সব ধরনের 'অসম চুক্তি' বাতিলের দাবি জানিয়ে দেশের সম্পদ রক্ষায় সবাইকে 'দ্বিতীয় মুক্তিযুদ্ধে' শামিল হওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় কমিটির তিন দিনের রোড মার্চ শেষে বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর লালদীঘি মাঠে সমাবেশে আনু মুহাম্মদ বলেন, "গ্যাসসহ দেশের সম্পদ রক্ষার আন্দোলন কোনো দলের বা ব্যক্তি বিশেষের নয়, এটি দেশের সব মানুষের।"
বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস উত্তোলনে গত জুনে মার্কিন প্রতিষ্ঠান কনোকো-ফিলিপসের সঙ্গে সরকারের করা রপ্তানিমুখী চুক্তি বাতিলসহ সাত দফা দাবিতে গত ২৬ মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করে জাতীয় কমিটি।
বুধবার মিরসরাই-সীতাকুণ্ড হয়ে রোড মার্চ চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ করে।
সমাবেশে জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক ড. জামাল নজরুল ইসলাম, সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের বজলুর রশিদ ফিরোজ, ওয়ার্কার্স পার্টির রাগীব আহসান মুন্না প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০৫১ ঘ.
bdnews24