ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যক্তি শ্রেণীর কর দাতাদের আয়কর বিবরণী দাখিলের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর হলেও ওই দিন সাপ্তাহিক ছুটি থাকায় জমা দেওয়া যাবে রোববারও।
বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সেপ্টেম্বরের শেষদিন শুক্রবার হওয়ায় রোববারও ব্যক্তি শ্রেণীর করদাতারা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।"
এর আগে গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান মো. নাসিরউদ্দিন আহমেদ এবার ৩০ সেপ্টেম্বরের মধ্যেই আয়কর বিবরণী জমা দিতে হবে বলে জানিয়েছিলেন। সেদিন তিনি বলেছিলেন, ৩০ সেপ্টেম্বর শুক্রবার হলেও সেদিন কর কার্যালয়গুলো খোলা থাকবে।
তবে এনবিআর মুখপাত্র মুমেন বুধবার জানিয়েছেন, শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে আয়কর বিবরণী জমা নেওয়া হবে না।
অন্যদিকে প্রতিবছরের মতো এবারও আয়কর বিবরণী দাখিলের সময় বাড়াতে ব্যবসায়ী মহল থেকে দাবি করা হলেও এবার তাতে সাড়া মেলেনি। রোববার ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানোর আহ্বান জানায়।
রাজস্ব বোর্ডের হিসাবে, দেশে কর সনাক্তকরণ নম্বরধারীর (টিআইএন) সংখ্যা ২৬ লাখ। এর মধ্যে করদাতার সংখ্যা ৯ লাখ।
২০০৯-১০ অর্থবছরে ৮ লাখ ১৫ হাজার করদাতার কাছ থেকে আয়কর আদায় হয়েছিলো ১৭ হাজার ৮৭ কোটি টাকা। ২০১০-১১ অর্থবছরে ২১ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/এমআই/১৬২৬ ঘ.
bdnews24