২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ব্যাংক খোলার আবেদন চেয়েছে বাংলাদেশ ব্যাংক

বেসরকারি খাতে নতুন ব্যাংক স্থাপনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে একটি নীতিমালাও প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 12:31 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি খাতে নতুন ব্যাংক স্থাপনের জন্য ৩০ নভেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিতে বলেছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে একটি নীতিমালাও প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এই নীতিমালায় বলা হয়েছে, নতুন ব্যাংকের নিবন্ধন পেতে হলে ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে ১০ লাখ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের বরাবরে। ব্যাংক হিসেবে নিবন্ধন পাওয়ার জন্য একটি প্রতিষ্ঠানের পরিশোধিত মূলধন হতে হবে ৪০০ কোটি টাকা। শুধু সাধারণ শেয়ারের মাধ্যমে এ মূলধন পূরণ করতে হবে। অনুমোদন পাওয়ার পর একটি ব্যাংককে ব্যবসা শুরুর তারিখ থেকে তিন বছরের মধ্যে বাজারে শেয়ার ছেড়ে পরিশোধিত মূলধনের সম-পরিমাণ অর্থ সংগ্রহ করতে হবে। উদ্যোক্তা হতে হলে একজনকে কমপক্ষে এক কোটি টাকার যোগান দিতে হবে। আর তার সর্বোচ্চ বিনিয়োগ হতে পারবে ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ। কোনো ব্যক্তি বা তার পরিবারের সদস্য ঋণখেলাপি অথবা করখেলাপি হলে তারা ব্যাংকের উদ্যোক্তা হতে পারবেন না। বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা ৪৭। এর বাইরে আরো শতাধিক বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বিভিন্ন মহল বিরোধিতা করলেও সরকারের আগ্রহে সম্প্রতি নতুন আরো কয়েকটি ব্যাংককে অনুমোদন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়। অবশ্য বাংলাদেশ ব্যাংকও এক সময় নতুন ব্যাংক চালুর ব্যাপারে জোর আপত্তি জানিয়েছিল। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছিলেন, দীর্ঘ এক যুগ পর নতুন বাণিজ্যিক ব্যাংকের অনুমোদন দেওয়ার এই সিদ্ধান্ত রাজনৈতিক। সর্বশেষ আওয়ামী লীগের আগের সরকারের মেয়াদে ১৯৯৬-২০০১ সময়ে কয়েকটি নতুন ব্যাংক যাত্রা শুরু করেছিল। এরপর আর কোনো ব্যাংক অনুমোদন পায়নি। গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভার পর উপমহাব্যবস্থাপক ও গভর্নরের প্রটোকল কর্মকর্তা এ এফ এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন ব্যাংকের জন্য সভায় একটি নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। আগের নীতিমালার সঙ্গে আরো কিছু শর্ত যোগ করা হয়েছে। নতুন নীতিমালার ভিত্তিতেই অনুমোদন দেওয়া হবে।" তবে কয়টি ব্যাংককে অনুমোদন দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানাননি আসাদুজ্জামান। নীতিমালায় বলা হয়েছে, বর্তমানে কার্যক্রম পরিচালনা করছে এমন কোনো ব্যাংকের পরিচালক বা উপদেস্টা নতুন কোনো ব্যাংকের পরিচালক হতে পারবেন না। নতুন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য সংখ্যা হবে ১৩ জন। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে নিয়োগ পেতে হলে ব্যাংকিং বিষয়ে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শহর ও গ্রামে নতুন ব্যাংকের শাখার অনুপাত হতে হবে ১:১। অথবা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে যে নির্দেশনা দেবে- সে অনযায়ী শাখা খুলতে হবে। ব্যাংকের বিতরণ করা মোট ঋণের কমপক্ষে ৫ শতাংশ কৃষি খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংককে অবশ্যই কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রম পরিচালনা করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৪০ ঘ.