ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দুইদিন চাঙ্গাভাবের পর আজ লেনদেন শেষে ঢাকার পুঁজিবাজারে সূচক কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সাধারণ সূচক ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে যায়। আধ ঘন্টা পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৬ হাজার ২৮ পয়েন্টে। এর কিছুক্ষণ পর কমতে শুরু করে সূচক।
লেনদেন শেষে সাধারণ সূচক ১১২ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৮৫২ পয়েন্টে।
দাম বেড়েছে ২৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৩৫ টির। অপরিবর্তিত রয়েছে ২ কোম্পানির শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকার শেয়ার।
গত সপ্তাহে দরপতনের পর রোববার সপ্তাহের প্রথম দিন ঘুরে দাঁড়ায় দেশের দুই পুঁজিবাজার।
রোববার সপ্তাহের প্রথম দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৩২ দশমিক ৬৪ পয়েন্ট বাড়ে। গতকাল সোমবার সাধারণ সূচকে যোগ হয় আরও ২০৬ দশমিক ৪০ পয়েন্ট। সেদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৪ কোটি টাকার শেয়ার।
পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি পদক্ষেপ নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৫১৫ ঘ.
bdnews24