ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তরঙ্গ বরাদ্দ ও লাইসেন্স ফি বাবদ তিন বছরে সরকারকে প্রায় দুহাজার কোটি টাকা দেবে মোবাইল অপারেটর ওরাসকম টেলিকম বাংলাদেশ।
দুই খাতে ওরাসকম মোট এক হাজার নয়শ ৮০ কোটি টাকা পরিশোধ করবে বলে সোমবার এক খবরে জানায় রয়টার্স।
মোবাইল অপারেটর হিসেবে বাংলাদেশে ওরাসকমের ব্র্যান্ডের নাম বাংলালিংক।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটিরি কমিশনের (বিটিআরসি) নীতিমালা অনুযায়ী, ওরাসকমের এ লাইসেন্স ১৫ বছর কার্যকর থাকবে।
বাংলালিংক ছাড়া আরো যেসব মোবাইল অপারেটরকে লাইসেন্স নবায়ান করতে হবে সেগুলো হলো- নরওয়ের টেলেনরের গ্রামীণফোন, মালয়শিয়ার অজিয়াটা ও জাপানের এনটিটি ডোকোমোর যৌথ মালিকানার রবি, প্যাসিফিক বাংলাদেশ লিমিটেড ও সিঙ্গাপুর টেলিকমিউনিকেশন্সের যৌথ মালিকানার সিটিসেল।
অগাস্টের শেষের হিসেব অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা সাত কোটি ৯০ লাখ ৬৮ হাজার। এর মধ্যে বাংলালিংকের গ্রাহক দুই কোটি ১০ লাখ ৬২ হাজার।
বিশ্লেষকদের ধারণা, আগামী পাঁচ বছরে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটিতে দাঁড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএইচ/পিডি/০১১০ ঘ.
bdnews24