২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবকের ৩য় ৪র্থ শ্রেণীর কর্মীদের ভাতা বাড়লো

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভাতা ৫৬০ টাকা বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ভাতা ৫৬০ টাকা বাড়িয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদনের পর নৌ-পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুয়েকদিনের মধ্যেই এ সংক্রান্ত আদেশ বন্দরে এসে পৌঁছাবে।" তিনি জানান, প্রায় চার হাজার ২০০ জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর পোর্ট ডিউটি ভাতা ৮০০ টাকা, শিফটিং ভাতা ৬০ টাকা এবং টিফিন ও যাতায়াত ভাতা ৫০ টাকা করা হয়েছে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির দিন থেকেই তা কার্যকর হবে বলে জানান সৈয়দ ফরহাদ। আগে পোর্ট ডিউটি ভাতা ছিল ৩০০ টাকা, শিফটিং ভাতা ৩০ টাকা এবং টিফিন ভাতা ২০ টাকা। চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ (সিবিএ) সভাপতি মমতাজ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত ফেব্র"য়ারি থেকে স্বতন্ত্র বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন কর্মসূচি পালনের পর এ ভাতা বাড়ানো হয়েছে।" রমজানের আগে সিবিএ'র পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুমকি দেওয়া হয়। মমতাজ উদ্দিন বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয় কয়েক মাস আগেই এ বিষয়ে অনুমোদন দিলেও অর্থ মন্ত্রণালয়ের গড়িমসির কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। "তবে কর্মচারীদের দাবি ছিল বেতনের ১৬ শতাংশ পোর্ট ডিউটি ভাতা।" সরকার ঘোষিত বর্তমান বর্ধিত ভাতা মেনে নেয়া হয়েছে জানিয়ে মমতাজ বলেন, স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবি অব্যাহত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১২৯ ঘ.