২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক এনবিআর চেয়ারম্যানকে আদালতে তলব

মানহানির একটি মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীসহ তিন জনকে তলব করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 12:28 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির একটি মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরীসহ তিন জনকে তলব করেছে আদালত। সোমবার ঢাকার মহানগর হাকিম সাইদুর রহমান আগামী ২০ অক্টোবর তাদের আদালতে হাজির হতে বলেছেন। মামলার অন্য দুই আসামি হলেন এনবিআরের সাবেক দুই প্রথম সচিব সনজিত কুমার বিশ্বাস ও কানন কুমার রায়। মানহানির অভিযোগে গত ১৮ সেপ্টেম্বর একই আদালতে এই মামলাটি করেন এনবিআরের অতিরিক্ত কর কমিশনার ড: এস এম জাহাঙ্গীর আলম। সেদিন বাদির জবানবন্দি গ্রহণ করে সোমবার আদেশের দিন রাখা হয়েছিলো। বাদি মামলায় উল্লেখ করেছেন, বিগত জোট সরকারের আমলে অভিযুক্তরা যোগসাজসে বাদিকে নিজস্ব তদন্ত কমিটির পরামর্শ মোতাবেক চাকরি থেকে বরখাস্তের নোটিশ দেন, যা সংবাদপত্রে প্রকাশিত হয়। এতে তার সম্মান ক্ষুন্ন হয়। মামলায় আরো উল্লেখ করা হয়, বাদি এর প্রতিকার চেয়ে হাইকোর্টে রিট আবেদন করলে আদালত তৎকালীন চেয়ারম্যান খায়রুজ্জামানসহ সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশসহ বাদিকে চাকরি থেকে বরখাস্তের নোটিশের কার্যকারিতার ওপর স্থগিতাদেশ দেন। এদিকে, মামলার বাদি এস এম জাহাঙ্গীর আলম দুপুরে ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, তিনি অভিযুক্ত তিন জনের বিরুদ্ধে দুই কোটি টাকার ক্ষতিপূরণের আরো একটি মামলা করেছেন। মামলাগুলো তুলে নিতে এক দল যুবক জাহাঙ্গীর আলমকে প্রাণহানির হুমকি দিয়েছেন বলেও জানান তিনি। এ ঘটনায় রাজধানীর বংশাল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৮২৪ ঘ.