২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের পথে তেল-গ্যাস কমিটির 'রোড মার্চ'

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে 'অন্যায্য' চুক্তি বাতিলের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী রোড মার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানির সঙ্গে 'অন্যায্য' চুক্তি বাতিলের দাবিতে জনসচেতনতা তৈরির লক্ষ্যে তিন দিনব্যাপী রোড মার্চ শুরু করেছে তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সোমবার সকাল সোয়া ১১টার দিকে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে চারটি বড় বাসে করে রোড মার্চ শুরু করেন তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্যরা। আগামী ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে পৌঁছে শেষ হবে তাদের এ কর্মসূচি। কর্মসূচিতে যোগ দিতে সকাল সাড়ে ৯টা থেকেই কমিটির সদস্যরা জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে সকাল ১১টার দিকে রোড মার্চ শুরুর ঘোষণা দেন কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। রোড মার্চের প্রথমদিন তেল-গ্যাস কমিটির সদস্যরা সোনারগাঁও, দাউদকান্দি, চান্দিনায় পথসভা এবং বিকালে কুমিল্লায় জনসভা করবে। মঙ্গলবার সকালে তারা কুমিল্লার চৌদ্দগ্রামে পথসভা এবং বিকালে ফেনী ও সন্ধ্যায় মিরশরাইয়ে গিয়ে জনসভা করবেন। বুধবার সীতাকুণ্ডে পথসভা শেষে বিকাল ৩টায় চট্টগ্রাম লালদিঘী ময়দানে হবে জনসভা। গত শনিবার এক সংবাদ সম্মেলনে নাগরিক এ কমিটি এ কর্মসূচি ঘোষণা করে। সে সময় কমিটির পক্ষ থেকে তিন দফা দাবিও তুলে ধরা হয়। সকালে রোড মার্চ শুরুর আগে সমাবেশে শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, "দেশি প্রতিষ্ঠান বাপেক্স ইতোমধ্যে গ্যাস উত্তোলনে সক্ষমতা প্রমাণ করেছে। স¤প্রতি তারা নোয়াখালীতে সুন্দলপুর গ্যাস ক্ষেত্র আবিষ্কার করেছে।" গ্যাস উত্তোলনে দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা না বাড়িয়ে বিদেশি প্রতিষ্ঠানের কাছে খনিজ সম্পদ উত্তোলনের ইজারা দেওয়া যাবে না বলেও দাবি তোলেন তিনি। শহীদুল্লাহ বলেন, দেশের স্বার্থেই এ রোড মার্চ করা হচ্ছে। জাতীয় কমিটির দাবিগুলো হলো- দেশীয় সংস্থার মাধ্যমে তেল-গ্যাস অনুসন্ধান করে এর ওপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করা, ফুলবাড়ীবাসীর সঙ্গে চুক্তি বাস্তবায়ন এবং খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধে আইন প্রণয়ন। বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসের সঙ্গে চুক্তি করায় এর আগে হরতালও পালন করেছে সংগঠনটি। ওই চুক্তি অনুযায়ী পেট্রোবাংলা ইতোমধ্যে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানে প্রাক-নির্বাচনী তালিকার আট প্রতিষ্ঠান সম্পর্কে অনাপত্তি জানিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিকে চূড়ান্তভাবে নির্বাচন করতে শিগগির দরপত্র ডাকবে কনকো-ফিলিপস। বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাসের অবস্থান নির্ণয় এবং এর বিস্তৃতিসহ প্রাথমিক মজুদের ধারণা পেতে আগামী জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে দ্বিমাত্রিক ভূকম্পণ জরিপ (টুডি সিসমিক সার্ভে) চালাবে নির্বাচিত সেই প্রতিষ্ঠান। গত ১৬ জুন স্বাক্ষরিত উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ হাজার একশ ৫৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো-ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে ২৮০ কিলোমিটার দূরে এ দুটি ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার। নয় বছর মেয়াদী এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাংক গ্যারান্টি দিয়েছে প্রতিষ্ঠানটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১২২৭ ঘ.