আমিনূর রহমান রাসেল
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের দুটি ব্লকে কনকো-ফিলিপসের অধীনে তেল-গ্যাস অনুসন্ধানে প্রাক-নির্বাচনী তালিকার আট প্রতিষ্ঠান সম্পর্কে অনাপত্তি জানিয়েছে পেট্রোবাংলা।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটিকে চূড়ান্তভাবে নির্বাচন করতে শিগগির দরপত্র আহ্বান করবে কনকো-ফিলিপস।
আট প্রতিষ্ঠান হলো- রাশিয়ার সেভমরনিফিটিগেওফিজিকা, যুক্তরাষ্ট্রের ওয়ের্স্টানজিকো ও যুক্তরাজ্যের ডব্লিউজিপি গ্র"প, ফ্রান্সের সিজিজি ভেরিতাস, চীনের চায়না অয়েলফিল্ড সার্ভিসেস লিমিটেড, বিজিপি; নরওয়ের পেট্রোলিয়াম জিওসার্ভিসেস এএসএ, সিবার্ড এক্সপ্লোরেশন গ্র"প।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মোহাম্মদ ইমাদুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রোববার বলেন, "পেট্রোবাংলা ওই আট প্রতিষ্ঠান সম্পর্কে গত বৃহস্পতিবার অনাপত্তি জানিয়েছে কনকো ফিলিপসকে।"
বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাসের অবস্থান নির্ণয় এবং এর বিস্তৃতিসহ প্রাথমিক মজুদের ধারণা পেতে এ দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ (টুডি সিসমিক সার্ভে) চালানো হবে।
আগামী জানুয়ারি থেকে এপ্রিলে এ জরিপ চালাবে নির্বাচিত প্রতিষ্ঠানটি।
ব্লক দুটিতে তেল-গ্যাস উত্তোলনে গত ১৬ জুন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান কনকো-ফিলিপসের সঙ্গে উৎপাদন-বণ্টন (পিএসসি) চুক্তি করে সরকার।
দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোয় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইআইও) চেয়ে গত ২৫ অগাস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে কনকো-ফিলিপস।
গত ৮ সেপ্টেম্বর ছিলো ইআইও জমা দেওয়ার শেষ তারিখ।
আট প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে নির্বাচিত করে এদের সম্পর্কে মতামত জানতে চেয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনকে (পেট্রোবাংলা) কাছে চিঠি দেয় কনকো-ফিলিপস।
পিএসসি চুক্তি অনুযায়ী, বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে পাঁচ হাজার একশ ৫৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের সুযোগ পাবে কনকো-ফিলিপস। চট্টগ্রাম বন্দর থেকে দুশ ৮০ কিলোমিটার দূরে এ দুিট ব্লকে সমুদ্রের গভীরতা এক থেকে দেড় কিলোমিটার।
নয় বছর মেয়াদী এই চুক্তিতে তিন ধাপে জরিপ ও খনন চালানোর শর্তে ১৬ কোটি ডলার ব্যাংক গ্যারান্টি দেবে প্রতিষ্ঠানটি।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে প্রণিত মডেল পিএসসি-২০০৮ এর আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য কনকো-ফিলিপসকে নির্বাচিত করা হয়।
তেল-গ্যাস খনিজ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি শুরু থেকেই কনকো-ফিলিপসের সঙ্গে এই চুক্তির বিরোধিতা করে আসছিলো। চুক্তি স্বাক্ষরের পরপর এর প্রতিবাদে অর্ধদিবস হরতালও পালন করেছে জাতীয় কমিটি।
আগামী ২৬ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী ঢাকা-চট্টগ্রাম রোড মার্চ কর্মসূচি দিয়েছে সংগঠনটি।
তেল-গ্যাস রক্ষা কমিটির দাবি, কনকো ফিলিপসের সঙ্গে চুক্তি অনুযায়ী বাংলাদেশ ২০ শতাংশ গ্যাস পাবে। বাকি ৮০ শতাংশ গ্যাস নির্দিষ্ট দরে কিনে নিতে হবে। বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে কনকো-ফিলিপস তা রপ্তানি করতে পারবে।
পেট্রোবাংলা পুরো বাংলাদেশের সীমানাকে মোট ৫২টি ব্লকে ভাগ করেছে যার মধ্যে ২৮টিই সমুদ্রে।
দেশে প্রতিদিন ২৫০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদার বিপরীতে সরবরাহের পরিমাণ ২০০ কোটি ঘটফুট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/২১১৬ ঘ.
bdnews24