২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহের শুরুতে সূচক বাড়ছে

গত সপ্তাহের দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক বাড়ছে ঢাকার পুঁজিবাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 05:49 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গত সপ্তাহের দরপতনের পর এ সপ্তাহের প্রথম দিনের লেনদেনে সূচক বাড়ছে ঢাকার পুঁজিবাজারে। রোববার প্রথম তিন ঘন্টার লেনদেন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১০০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৫৩ পয়েন্টে। এ সময় লেনদেন হয়েছে ২৪৫ কোটি টাকার শেয়ার। দাম বেড়েছে ২৩১টি কোম্পানির শেয়ারের, কমেছে ১৭টির। বদলায়নি রয়েছে ৪টি কোম্পানির শেয়ারের দাম। মিশ্র ভাব নিয়ে সপ্তাহের প্রথম দিন শুরু করে ডিএসই। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে সাধারণ সূচক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৬৮৩ পয়েন্টে। এরপর ১১টা ২০ মিনিটে আবার ১৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৬৩৯ পয়েন্টে। প্রথম ঘন্টার লেনদেন শেষে ১২টা ১ মিনিটে সূচক ৩৮ পয়েন্ট বাড়ে। দু' ঘন্টার লেনদেন শেষে সূচক বাড়ে ৪৪ পয়েন্ট। পুঁজিবাজার স্থিতিশীল করতে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকটি পদক্ষেপ সত্ত্বেও গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ৫৬৫২ পয়েন্টে। প্রায় একমাস সূচকের টানা বৃদ্ধির পর গত ২৫ জুলাই থেকে দেশের দুই পুঁজিবাজারে দরপতনের ধারা অব্যাহত রয়েছে। এ সময়ের পর বেশিরভাগ দিনই সূচকের পতন ঘটেছে। ২৫ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩৭ কার্যদিবস। এরমধ্যে ২৬ কার্যদিবসেই দরপতন হয়েছে। বেড়েছে মাত্র ১১ কার্যদিবস। গত দুমাসে সূচক কমেছে ১০৫৮ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ৪০ হাজার কোটি টাকারও বেশি। ইতোমধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ