২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিনিয়োগকারীদের আস্থাহীনতায় পুঁজিবাজারে দরপতন'

দরপতন চলতে থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমতে কমতে প্রায় চার মাস আগের অবস্থায় চলে এসেছে। জানাচ্ছেন রিয়াজুল বাশার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 01:02 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

রিয়াজুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতন চলতে থাকায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমতে কমতে প্রায় চার মাস আগের অবস্থায় চলে এসেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন, দেশের অর্থনীতিতে এমন কিছু ঘটেনি যে সূচক পড়তে থাকবে। তারা পুঁজিবাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থাহীনতার মূল কারণ খুঁজে বের করে তা নিরসণে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন। বৃহস্পতিবার ডিএসই সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৬৫২ দশমিক ৩২ পয়েন্টে। গত ৩০ মের পর এটাই সর্বনিু অবস্থান। ৩০ মে সূচক ছিল ৫৬০৩ দশমিক ৫৯ পয়েন্ট। প্রায় একমাস সূচক টানা বাড়ার পর গত ২৫ জুলাই থেকে দেশের দুই পুঁজিবাজারে শেয়ারের দাম কমতে থাকে। ২৫ জুলাই থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ডিএসইতে ৩৭ কার্যদিবস লেনদেন হয়েছে । এরমধ্যে ২৬ দিনই সূচক কমেছে। গত দুমাসে সূচক কমেছে ১০৫৮ পয়েন্ট। বাজার মূলধন কমেছে ৪০ হাজার কোটি টাকারও বেশি। অব্যাহত এ দরপতনে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও কেন্দ্রীয় ব্যাংকের তরফ থেকে নানামুখি উদ্যোগ নেওয়া হলেও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। স্থিতিশীলতা ফিরছে না কেন, জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসইসি ও কেন্দ্রীয় ব্যাংক কয়েকটি সিদ্ধান্ত নেওয়ার পরও বাজারে স্থিতিশীলতা আসেনি। তার মানে এটা স্পষ্ট যে, বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা নেই।" "এ আস্থাহীনতা কী, সেটা চিহ্নিত করে তা নিরসণে দ্রুত ব্যবস্থা নিতে হবে। দেশের অর্থনীতিতে এমন কিছু হয়নি যে পুঁজিবাজারে এভাবে দরপতন ঘটতে থাকবে," বলেন এসইসির সাবেক এ চেয়ারম্যান। গত ২৪ জুলাই বাজারে লেনদেন হয়েছিল ১৯৫৭ কোটি টাকার শেয়ার। দুমাসের ব্যবধানে লেনদেন কমে গত বৃহস্পতিবার তা দাঁড়িয়েছে ২৯৭ কোটি টাকায়। বাজারের অস্থিতিশীলতার কারণ জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক মাহমুদ ওসমান ইমাম বলেন, "বাজারের লেনদেন কমে যাওয়া ও গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় নেই।" তিনি বলেন, "গত বছরের ২০ জন শীর্ষ বিনিয়োগকারীকে নিয়ে এসইসি বসতে পারে। কেন তারা বাজারে সক্রিয় হচ্ছে না তার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে এসইসি।" ওসমান ইমাম বলেন, "ব্যাংকগুলো তাদের মোট দায়ের ১০ শতাংশ পর্যন্ত পুঁজিবাজারে বিনিয়োগ করতে পারলেও এখন বাজারে তাদের বিনিয়োগ রয়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। এদের বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় সে চিন্তাও করতে হবে।" "বর্তমানে শেয়ারের বাজারদরের ওপর ব্যাংকের বিনিয়োগ হিসাব ধরা হয়। এরফলে বাজার ওঠানামার ওপর তাদের বিনিয়োগ বৃদ্ধি বা কম নির্ভর করে। এটা পরিবর্তন করে ক্রয়মূল্য অনুযায়ী বিনিয়োগ হিসাব ধরা উচিৎ," বলেন তিনি। ইতোমধ্যে ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময়সীমা এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য সময়সীমা ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এদিকে মিউচুয়াল ফান্ডগুলোর একক ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগ সীমা স্থগিত করেছে এসইসি। এছাড়া কোনো কোম্পানির উদ্যোক্তা বা পরিচালকদের ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা এবং কোনো কোম্পানির পাঁচ শতাংশ বা এর বেশি শেয়ার আছে এমন শেয়ারহোল্ডারদেরও ওই কোম্পানির শেয়ার বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এসইসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৫৫ ঘ.