২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫০ টাকার কমে সবজি নেই চট্টগ্রামে

চট্টগ্রামের বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। এর কারণ হিসেবে তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি এবং হরতালের কথা বলছেন বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 11:31 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৫০ টাকার কমে কোনো সবজি মিলছে না চট্টগ্রামের বাজারগুলোতে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের সবজির দাম বেড়েছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা। ফলে চরম সংকটে পড়েছে নিু আয়ের মানুষ। দাম বাড়ার জন্য তেল-গ্যাসের মূল্য বৃদ্ধি এবং হরতালকে দায়ী করছেন পাইকার ও খুচরা বিক্রেতারা। শুক্রবার সকালে নগরীর কাজির দেউড়ি, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, রেয়াজুদ্দিন বাজার, বহদ্দারহাট কাঁচা বাজার ঘুরে দেখা গেল, সবজির মধ্যে দাম সবচে কম শশার, তাও ৫০ টাকা কেজি। আর প্রতি কেজি ফুলকপির জন্য দোকানিরা হাঁকছেন ১৮০ টাকা। কর্ণফুলী কমপ্লেক্সের ৩০ নম্বর দোকানের খুচরা বিক্রেতা মো. ইদ্রিস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদের পর থেকেই বৃষ্টি। এ কারণে সবজির দাম বেশি। তাছাড়া গত সপ্তাহে তেল আর সিএনজির দাম বেড়েছে। বৃহস্পতিবার ছিল হরতাল। তাই দাম আরো বেড়ে গেছে।" চাহিদা অনুযায়ী সবজি পাওয়া যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। গত রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওইদিন রাত ১২টা থেকেই তা কার্যকর করা হয়। পরদিন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়। কাজির দেউড়ি বাজারের ৩২ নম্বর দোকানের সবজি বিক্রেতা জানে আলম বলেন, গত একমাস ধরেই পাইকারদের কাছ থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। দাম এভাবে বাড়তে থাকায় সবজি একপ্রকার নিু আয়ের মানুষের নাগালে বাইরেই চলে গেছে। কাজির দেউড়ি বাজারে আসা সরকারি কর্মকর্তা মুসলেম উদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন শীতের আগাম সবজি বাজারে আসার কথা। এ সময়ে সাধারণত অন্য সবজির দাম কম থাকে। কিন্তু এখন সবজির বাজারে তো দেখি আগুন। কয়জনের সাধ্য আছে এতো দামে সবজি কেনার?" কর্ণফুলী কমপ্লেক্স কাঁচা বাজার ঘুরে দেখা গেল, প্রতি কেজি বরবটি বিক্রি হয়েছে ৭০ টাকায়। বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকা, ফুলকপি ১৮০ টাকা, বেগুন ৬০ টাকা, টমেটো ৮০ টাকা, করলা ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, সিম ১০০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, ঝিঙে ৬০ টাকা এবং শশা ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি আঁটি লাল শাক ১২ থেকে ১৫ টাকা, মুলা শাক ১২ টাকা, পুঁই শাক ১৫, কলমি শাক ১০ টাকায় বিক্রি হদে দেখা গেল। কচুও বিক্রি হচ্ছে ৩০ থেকে ৬০ টাকায়। চড়ছে ডিমের দামও সবজি বাজারের এই উত্তাপ পৌঁছেছে ডিমের দোকানেও। এক সপ্তার ব্যবধানে প্রতিটি ডিমের দামে বেড়ে গেছে এক টাকা করে। কাজির দেউড়ি বাজারের বিক্রেতা মো. ইকবাল জানান, গত সপ্তাহে একশ ডিম ৫৮০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ১০০ টাকা দাম বেড়ে হয়েছে ৬৮০। বহদ্দারহাটের ডিম বিক্রেতা মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত এক মাস ধরেই সবজির দাম চড়া। তাই মানুষ এখন ডিম বেশি কিনছে, ফলে দামও বাড়ছে।" ধনে পাতা ৩০০, কাঁচা মরিচ ২০০ শুক্রবার নগরীর বাজারগুলোতে প্রতি কেজি ধনে পাতা বিক্রি হয়েছে ৩০০ টাকায়। আর কাঁচা মরিচের কেজি ২০০ টাকা। মরিচ এবং ধনে পাতার বেলায়ও একই কারণ দেখাচ্ছেন বিক্রেতারা। তারা বলছেন, বৃষ্টি বন্ধ না হওয়ায় ক্ষেত নষ্ট হয়ে গেছে। চাহিদার বিপরীতে সরবরাহ কম বলে দামও বাড়ছে। গত সপ্তাহেও চট্টগ্রামের বাজারে ধনেপাতা ২৫০ টাকা এবং কাঁচা মরিচ ১৫০ থেকে ১৮০ টাকা কেজি দরে বিক্রি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/জেকে/১৭২৪ ঘ.