২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মার্চেন্ট ব্যাংকগুলোকে কার্যকর করার সুপারিশ করবে সিএসই

যেসব মার্চেন্ট ব্যাংক তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে না, তাদের লাইসেন্স পুর্নবিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 09:24 PM

Updated : 24 Aug 2022, 04:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যেসব মার্চেন্ট ব্যাংক তাদের ভূমিকা যথাযথভাবে পালন করছে না, তাদের লাইসেন্স পুর্নবিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ। বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের আগ্রাবাদে সিএসইর সম্মেলন কক্ষে সদস্যদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, এ বিষয়ে সিএসইর পক্ষ থেকে বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইসির কাছে সুপারিশ করা হবে। 'মেম্বারস মিটিং রিস্টোরিং ক্যাপিটাল মার্কেট কনফিডেন্স' শীর্ষক এই বৈঠক শেষে সিএসই সভাপতি বলেন, বাজারে এখন অনেক শেয়ার আছে যেগুলো কেনা যায়। ভালো কোম্পানির শেয়ারের দামও এখন কম। বিনিয়োগ করতে চাইলে এখনই উপযুক্ত সময়। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে বাংলাদেশ ফান্ডকে পুরোপুরি কার্যকর করার ওপরও গুরুত্ব দেন সিএসই সভাপতি। পুঁজিবাজারের হঠাৎ পতন ঠেকাতে চলতি বছর ইনভেস্টমেন্ট করপোরেশন বাংলাদেশের (আইসিবির) তত্ত্বাবধানে পাঁচ হাজার কোটি টাকার বাংলাদেশ ফান্ড বাজারে ছাড়ে সরকার। এরপরও টানা দরপতনের কারণে গত সপ্তাহে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় বিনিয়োগকারীরা। কীভাবে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে এনে পুঁজিবাজারকে স্থিতিশীল রাখা যায়, তা নিয়ে এসইসিকে সুপারিশ পাঠাতেই বৃহস্পতিবার সদস্যদের নিয়ে এই বৈঠক করেন সিএসই সভাপতি। তিনি বলেন, বাণিজ্যিক রাজধানী ও শিল্পনগরী হওয়া সত্ত্বেও চট্টগ্রামের বড় বড় শিল্প গ্র"পগুলো পুঁঁজিবাজারে আসছে না। এ ব্যাপারে তাদের উৎসাহিত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/০৩১৪ ঘ.