ঢাকা, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
ঢাকাসহ সাত বিভাগীয় শহরে গত ১৭ সেপ্টেম্বর শুরু হয় এই মেলা। বৃহস্পতিবার মেলার ষষ্ঠ ও শেষ দিনে আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের সরকার সাংবাদিকদের জানান, এবছর এই মেলায় এসে মোট ৬২ হাজার ২৭২ জন করদাতা তাদের আয়ের বিবরণী দাখিল করেছেন।
আর মেলা থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ৪১৪ কোটি ৩৯ লাখ ১২ হাজার ৭৫২ টাকা।
এবারের মেলা থেকে ৩০০ কোটি টাকা রাজস্ব পাওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল বলে এম এ কাদের জানান।
এছাড়া মেলায় এসে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) নিয়েছেন ১০ হাজার ৪১ জন করদাতা।
মেলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে উল্লেখ করে কাদের বলেন, "মানুষকে সচেতন করা গেছে; কর দিতে উদ্বুদ্ধ করা গেছে। সর্বোপরি দেশে করবান্ধব পরিবেশ সৃষ্টি এবং কর দেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে এ মেলার ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছে বলেই আমরা মনে করি।"
এম এ কাদের জানান, ৩০ সেপ্টেম্বরের মধ্যে দেশের সবগুলো কর অঞ্চলে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে। এছাড়া অক্টোবরের মধ্যে করঅঞ্চলের সংখ্যা আরো তিনটি বাড়ানো হবে।
বর্তমানে সারা দেশকে ১৫টি করঅঞ্চলে ভাগ করে কর্মকাণ্ড পরিচালনা করছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
অন্যদের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান, তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান মেলা শেষের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
'ছুটির আমেজে মেলা'
বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত বিএনপির ডাকে হরতাল চললেও আয়কর মেলায় তার কোনো প্রভাব চোখে পড়েনি। বরং রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গণে গত ৫ দিনের তুলনায় ভিড় ছিল অনেক বেশি, যা সামলাতে হিমশিম খেতে হয়েছে আয়োজক কমিটিকে।
এই কমিটির সদস্য সহকারী ট্যাক্স কমিশনার নাফিসা নূর তালুকদার রসিকতা করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হরতালের কারণে মানুষ ছুটি পেয়েছে তো, তাই বোধহয় আজ ভিড় বেশি।"
হরতালের কারণে বৃহস্পতিবার নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে, অর্থাৎ সকাল সাড়ে ৮টা থেকে মেলার কার্যক্রম শুরু হয়। সকালে তেমন ভিড় না থাকলেও দুপুরের পর লোক সমাগম বাড়তে থাকে বলে জানান নাফিসা।
করদাতারা চান সুষ্ঠু পরিবেশ
"আমরা সাধারণ জনগণ কর দিতে প্রস্তুত। আমাদের শুধু এইটুকু চাওয়া- যে সরকার কর দেওয়ার পরিবেশ সৃষ্টি করে দেবে", বললেন রাজধানীর জিগাতলা থেকে মেলায় আসা শেখ সালাহউদ্দিন।
এই কম্পিউটার প্রকৌশলী নিজের এবং স্ত্রীর আয়কর বিবরণী জমা দিতে মেলায় এসেছিলেন।
এবারই প্রথম আয়কর দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, "সেবার যে মান দেখলাম তাতে একজন শিক্ষিত মানুষের জন্য কাজ শেষ করতে ২০ মিনিটের বেশি লাগার কথা নয়।"
ইডেন কলেছের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রভাষক রোকেয়া সুলতানা বলেন, "সব কাজ এক জায়গায় করা যাচ্ছে, এটা এই মেলার একটা বড় সুবিধা।"
মেলার সময় আরো দু'একদিন বাড়ালে করদাতারা উপকৃত হতো বলে মত প্রকাশ করেন তিনি।
মেলা শেষ হবার পর উদযাপন কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চট্টগ্রামে বিবরণী দিয়েছেন ১৭ হাজার করদাতা
চট্টগ্রামে এবার দ্বিতীয়বারের মতো আয়কর মেলার আয়োজন করা হয়। নগরীর এম আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে আয়োজিত ছয়দিনের এই মেলায় আয়কর বিবরণী জমা দিয়েছেন ১৭ হাজার ৮১ জন। আর কর সনাক্তকরণ নম্বর নিয়েছেন এক হাজার ৫০০ জন।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে কর কমিশনার (কর অঞ্চল-১) রমেন্দ্র চন্দ্র বসাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা যা আশা করেছিলাম তার কাছাকাছি আয়কর আদায় হয়েছে। এতে আমরা সন্তুষ্ট।"
অতিরিক্ত কর কমিশিনার প্রদ্যুৎ কুমার তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের মেলায় সর্বোচ্চ আয়কর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গত মঙ্গলবার মেলার চতুর্থ দিনে বন্দর কর্তৃপক্ষ অগ্রিম কর ও কর্মকর্তাদের রিটার্ন বাবদ ৮০ কোটি টাকা জমা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/সিএম/এমসি/জেকে/২৩৩৩ ঘ.
bdnews24