২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১৫ শতাংশ হারে বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 01:15 PM

Updated : 24 Aug 2022, 04:03 PM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের পাইকারি দাম গড়ে ১৫ শতাংশ হারে বাড়াতে বিইআরসির কাছে প্রস্তাব পাঠিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। পিডিবির প্রস্তাব অনুযায়ী চলতি বছরই দুই দফায় বিদ্যুতের দাম বাড়ায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। প্রথম দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৩৭ পয়সা থেকে ১১ শতাংশ বাড়িয়ে ২ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়। এই দাম ১ ফেব্র"য়ারি থেকে কার্যকর হয়েছিলো। দ্বিতীয় দফায় প্রতি ইউনিট বিদ্যুতের দাম ২ টাকা ৬৩ পয়সা থেকে ছয় দশমিক ৬৬ শতাংশ বাড়িয়ে নির্ধারণ করা হয় ২ টাকা ৮১ পয়সা। এটি ১ আগস্ট থেকে কার্যকর হয়। এর আগে ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়িয়ে ২ টাকা ০৪ পয়সা থেকে ২ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়েছিলো। বিইআরসি-এর ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ আবু ফারুক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত সোমবার বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর জন্য পিডিবি প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হবে কিনা সে ব্যাপারে শিগগিরই কমিশনের বিশেষজ্ঞ কমিটি পর্যালোচনা সভা করবে।" পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবীর মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুতের পাইকারি মূল্যহার না বাড়ানোয় পিডিবির আর্থিক ঘাটতির পরিমাণ ক্রমশ বাড়ছে।" প্রতিবছর বিদ্যুতের চাহিদা আট থেকে ১০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে জানিয়ে তিনি বলেন, "বর্র্ধিত বিদ্যুতের চাহিদা মেটাতে পিডিবি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং ভাড়াভিত্তিকের (রেন্টাল) পাশাপাশি ব্যক্তিমালিকানাধীন (আইপিপি খাত) কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনছে।" ভাড়াভিত্তিক ও ব্যক্তিমালিকানার এসব বিদ্যুৎ কেন্দ্রের অধিকাংশ জ্বালানি তেল নির্ভর। তাই ক্রমাগত জ্বালানি তেলের দাম বাড়ার ফলে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে। তাই বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। পিডিবির প্রস্তাবে বলা হয়, একক ক্রেতা হিসেবে পিডিবি ইনডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি), ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, ইলেক্ট্রিসিটি পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (ইজিসিবি) ও আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনে। এই বিদ্যুৎ পাইকারি গ্রাহক ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও আরইবির কাছে এবং নিজস্ব বিতরণ অঞ্চলে খুচরা গ্রাহকের কাছে বিইআরসির নির্ধারিত দামে বিক্রি করে পিডিবি। ২০০৯-১০ অর্থবছরে ইউনিট প্রতি বিদ্যুতের গড় সরবরাহ ব্যয় ছিলো দুই টাকা ৬২ পয়সা। ২০১০-১১ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় চার টাকা ১৫ পয়সা। এছাড়া চলতি অর্থবছরে এ ব্যয় দাঁড়াবে ইউনিট প্রতি চার টাকা ৮৬ পয়সা। অথচ এর বিপরীতে বর্তমানে ইউনিট প্রতি গড় বিক্রয় দাম পাওয়া যাচ্ছে দুই টাকা ৮১ পয়সা অর্থাৎ ইউনিট প্রতি ঘাটতি থাকছে দুই টাকা পাঁচ পয়সা। এই ঘাটতি পূরণে চলতি অর্থ বছরে পাইকারি বিদ্যুতের দাম ৭২ শতাংশ বাড়ানো প্রয়োজন বলে পিডিবির প্রস্তাবে বলা হয়েছে। সে হিসাবে, প্রস্তাবিত দাম অনুমোদিত না হলে চলতি অর্থবছরে পিডিবির আর্থিক ঘাটতির পরিমাণ দাঁড়াবে সাত হাজার ৩৪৪ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকা। ২০১০-১১ অর্থ বছরে পিডিবির ঘাটতি ছিলো চার হাজার ৫৮৫ কোটি নয় লাখ আট হাজার টাকা। কিন্তু একসঙ্গে ৭২ শতাংশের মতো দাম বাড়ানো হলে গ্রাহক পর্যায়ে একটি নেতিবাচক প্রভাব পড়বে। তাই একসঙ্গে দাম না বাড়িয়ে চার ধাপে বাড়ানোর প্রস্তাব করেছে পিডিবি। পিডিবির প্রস্তাব- চলতি বছরের নভেম্বরে প্রথম ধাপে দুই টাকা ৮১ পয়সা থেকে তিন টাকা ২৪ পয়সা, আগামী বছরের ফেব্র"য়ারিতে দ্বিতীয় ধাপে তিন টাকা ২৪ পয়সা থেকে তিন টাকা ৭২ পয়সা, জুলাইতে তৃতীয় ধাপে তিন টাকা ৭২ পয়সা থেকে চার টাকা ২৮ পয়সা এবং চতুর্থ ধাপে ২০১৩ সালের জানুয়ারিতে চার টাকা ২৮ পয়সা থেকে চার টাকা ৯৩ পয়সা করা যেতে পারে। সে হিসাবে প্রতিধাপেই প্রায় ১৫ শতাংশ করে বাড়ানোর কথা প্রস্তাবে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৬৩৮ ঘ.