ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশকরা চিনি ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য ঠিকমতো উত্তোলন ও সরবরাহ করছেন কি না তা তদারক করবে বাণিজ্য মন্ত্রণালয়ের আটটি দল (মনিটরিং টিম)।
এ ব্যাপারে পরিবেশকরা নিয়ম অনুযায়ী জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ে প্রতিবেদন জমা দিচ্ছেন কি না, তদারক দল তাও খতিয়ে দেখবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব গোলাম হোসেন।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা শেষে সচিব সাংবাদিকদের বলেন, "এক্ষেত্রে কোনো অনিয়ম বা ত্র"টি পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবেশকের বিরুদ্ধে জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তদারক দলগুলো।"
মধ্যস্বত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বহু আলোচিত ডিও প্রথা বিলুপ্ত করে গত জুনে ভোজ্যতেল ও চিনির ক্ষেত্রে পরিবেশক পদ্ধতি চালু করে সরকার।
সচিব জানান, ঈদ-উল-আযহা সামনে রেখে পেঁয়াজ, রসুন, আদাসহ মসলা জাতীয় পণ্যের উৎপাদন, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা করা হয় বুধবারের সভায়।
তিনি বলেন, "ঈদ-উল-আযহা সামনে রেখে পেঁয়াজের বাজার নিয়ে আমাদের সংশয় ছিল। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখায় আমরা তুরস্ক থেকে আমদানির উদ্যোগ নিয়েছিলাম। তবে সরকারি পর্যায়ে যোগাযোগের পর ভারত ১০/১১ দিনের মধ্যে আবারো পেঁয়াজ রপ্তানি উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে।"
এতে পেঁয়াজ নিয়ে আর সংশয় থাকছে না দাবি করে সচিব বলেন, "আমরা টনপ্রতি ৪৭৫ ডলারে পেঁয়াজ আমদানি করতে পারব। এর বাইরেও কেউ তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করতে চাইলে সরকার তাদের সহযোগিতা দেবে।"
দেশে বর্তমানে রসুন ও মসলার পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে সচিব বলেন, "এরপরও আমাদের রসুন ও মসলা আমদানি করতে হবে। আন্তর্জাতিক বাজারে বর্তমানে রসুনের দাম কিছুটা বাড়ছে। প্রতিবেশী দেশ ভারতেও রসুনের দাম বেশি। তাই ভারতে রসুন পাচার বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) নির্দেশ দেওয়া হয়েছে।"
দেশে আদার উৎপাদন এ বছর 'ভাল' উল্লেখ করে সচিব আশা প্রকাশ করেন, আদা নিয়ে এবার কোনো সমস্যা হবে না।
নিত্যপ্রয়োজনীয় সব পণ্য ধীরে ধীরে মোড়কজাত করে বিক্রির ওপর জোর দেওয়া হবে জানিয়ে গোলাম হোসেন বলেন, এতে পণ্য ভেজাল করা বা ওজনে কম দেওয়া ঠেকানো সহজ হবে। প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ থাকলে ক্রেতারাও প্রতারিত হবেন না।
বৈঠক প্রসঙ্গে সচিব জানান, অনেক সময় আমদানি করা পণ্যের শুল্কায়নের ক্ষেত্রে পণ্যের দ্বিগুণ মূল্য দেখানো হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এটি বন্ধ করার পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন তারা।
মন্ত্রণালয় বিষয়টি নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে আলোচনা করবে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদের মধ্যে মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা ও শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজি শামসুল আলমসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং মন্ত্রণালয় ও সরকারি সংস্থার প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/২০১৪ ঘ.
bdnews24