২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালেও খোলা থাকবে আয়কর মেলা

বৃহস্পতিবার বিরোধী দলগুলোর ডাকা হরতালের মধ্যেও খোলা থাকবে আয়কর মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 04:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহস্পতিবার বিরোধী দলগুলোর ডাকা হরতালের মধ্যেও খোলা থাকবে আয়কর মেলা। করদাতাদের ব্যাপক আগ্রহের কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (আয়কর) ও মেলা আয়োজক কমিটির সভাপতি এম এ কাদের সরকার। বুধবার দুপুরে রাজধানীর বেইলি রোডে মেলা প্রাঙ্গণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "মেলায় করদাতা ও সাধারণ মানুষের উপস্থিতি আমাদের অবাক করে দিয়েছে। শুধু ঢাকা নয়, সব বিভাগীয় শহরের মেলাতেই লোক সমাগম চোখে পড়ার মতো।" আগের চার দিনের মতো করদাতা ও দর্শনার্থীদের ভিড়ে মুখরিত ছিল মেলার পঞ্চম দিন। কাদের সরকার জানান, ঢাকাসহ সাত বিভাগীয় শহরে বুধবার দুপুর ২টা পর্যন্ত মোট ৩৫ হাজার আয়কর রিটার্ন জমা পড়েছে। আর এ থেকে রাজস্ব এসেছে ১৩৫ কোটি টাকা। চার হাজারের বেশি মানুষ নতুন টিআইএন নিয়েছেন। "বুধবার দিন শেষে রাজস্বের পরিমাণ ১৫০ কোটি টাকা ছাড়িয়ে যাবে"- বলেন তিনি। মেলায় আয়কর বিষয়ে তথ্য, রিটার্ন ফরম পূরণে সহযোগিতা, নতুন করদাতাদের তাৎক্ষণিক টিআইএন সনদ দেয়া, রিটার্ন জমা নেয়াসহ বিভিন্ন সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। নারী, প্রবীণ ও প্রতিবন্ধী করদাতারা যাতে স্বাচ্ছন্দ্যে কর দিতে পারেন- সেজন্য মেলায় রয়েছে আলাদা বুথ। গত বছর ঢাকা ও চট্টগ্রামে আয়োজিত মেলায় ৫২ হাজার রিটার্ন জমা পড়েছিল। সরকার রাজস্ব পেয়েছিল ১১৩ কোটি টাকা। মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, 'সাত বিভাগীয় শহরের এবারের মেলায় এক লাখ রিটার্ন জমা পড়বে বলে আমরা আশা করছি। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরেছি ৩০০ কোটি টাকা।' ১৭ সেপ্টেম্বর থেকে মেলা শুরু হয়েছে। কাল বৃহস্পতিবারই মেলার শেষ দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসইউ/১৭১৪ ঘ.