২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 08:27 PM

Updated : 24 Aug 2022, 04:02 PM

নিউইয়র্ক, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের তৈরি পোশাককে যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটি মিলনায়তনে মঙ্গলবার মার্কিন চেম্বার অফ কমার্স অ্যান্ড এশিয়া সোসাইটি আয়োজিত মধ্যাহ্ন ভোজে 'বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার সম্ভাবনা' বিষয়ে বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, "বাংলাদেশে তৈরি পোশাক পণ্যের ওপর থেকে এখনকার উচ্চ হারের শুল্ক প্রত্যাহার করা হলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক পরিবর্তন, নারীর ক্ষমতায়ন ও গণতান্ত্রিক আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখার পাশাপাশি উভয় দেশের সম্পর্ককে আরো টেকসই করার ক্ষেত্রে অবদান রাখবে।" "এ সুসম্পর্ক আরো এগিয়ে নিতে আমরা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পোশাক পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার দেওয়ার বিষয়ে কংগ্রেসের বন্ধুদের আরো সক্রিয় হওয়ার আহ্বান জানাই", যোগ করেন তিনি। অন্যদের মধ্যে এশিয়া সোসাইটির প্রেসিডেন্ট বিশাখা দেশাই, মার্কিন চেম্বারের সহ-সভাপতি তামি ওভারবাই, বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট জেমস উলফেনসন এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতারা এই মধ্যাহ্ন ভোজে অংশ নেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে আরো বিনিয়োগ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশে আপনারা যাতে অনায়াসে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যেতে পারেন- সরকার সে বিষয়ে সর্বোচ্চ নিশ্চয়তা দিচ্ছে।" এতো দুপক্ষই লাভবান হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে ট্রানজিট সুবিধা বিনিময়ের বিষয়টির অগগ্রতির কথা উল্লেখ করে তিনি বলেন, "বাংলাদেশ বর্তমানে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। সড়কপথ, রেলপথ, জলপথ এবং আকাশপথ প্রতিবেশীদের জন্য খুলে দেওয়ার বিষয়ে আমাদের নীতি পুরোপুরি বাস্তবায়িত হচ্ছে। ফলে বাংলাদেশ আঞ্চলিক অর্থনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে।" বাংলাদেশের বিনিয়োগবান্ধব বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকারের 'পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ' নীতি বিদেশি উদ্যোক্তাদের জন্যও লাভজনক হবে। বাংলাদেশের শিল্পনীতিতে কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জা¡লানি, পর্যটন, আইসিটি পণ্য ও সেবা, পোশাক, ওষুধ ও সিরামিক শিল্পে বিশেষ সুবিধা দেওয়ার কথাও শেখ হাসিনা উল্লেখ করেন। অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ এই ভোজসভায় উপস্থিত ছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে রোববার নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ দিনের সফর শেষে ২৮ সেপ্টেম্বর তার দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে এবং নদ-নদীতে ড্রেজিংয়ে সহায়তা দেওয়ার জন্য কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরে স্থানীয় সময় সোমবার রাতে কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মদ আল-আহম্মদ আল সাবাহর সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন তিনি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, অর্থনীতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়েও আলোচনা করেছেন। প্রেস সচিব বলেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেওয়ার জন্য কুয়েতের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনীয় ও যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরই বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি পাঠানো হচ্ছে বলে শেখ নাসেরকে আশ্বস্ত করেন। বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশের কথা উল্লেখ করে এই সুযোগ নেওয়ার জন্যও কুয়েত সরকার ও সে দেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/১৪১০ ঘ.