ঢাকা, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বের সবচেয়ে শস্তা গাড়ি হিসেবে যার পরিচিতি, সেই ন্যানো গাড়ির দাম যদি হয় ২২ কোটি রুপি, শুনতে কেমন লাগে?
এ রকমই একটি ন্যানো তৈরি করেছে টাটা গ্র"প। সোনা, রুপা ও মূল্যবান পাথর দিয়ে তৈরি বলেই এ গাড়িটির এত দাম। তবে তৈরি হলেও দামি এ ন্যানো গাড়ি বিক্রির জন্য নয়।
ভারতের টেলিভিশন চ্যানেল বহুমূল্যের এই ন্যানো গাড়ি তৈরির খবরের পাশাপাশি জানিয়েছে, গাড়িটি তৈরি হয়েছে গোল্ডপ্লাস জুয়েলারির বিজ্ঞাপনের জন্য।
জেনে রাখা ভালো, গোল্ডপ্লাস জুয়েলারি টাটা গ্র"পেরই একটি সহযোগী প্রতিষ্ঠান।
মুম্বাইয়ে ২২ কোটি রুপির ন্যানো গাড়িটি সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে উদ্বোধন করেন টাটা গ্র"পের চেয়ারম্যান রতন টাটা।
টাটা গ্র"প বলছে, সোনার তৈরি গাড়ি বিশ্বে ন্যানোই প্রথম। ভারতের গহনা শিল্পের ৫ হাজার বছর পূর্তি উপলক্ষে তৈরি হয়েছে এ গাড়িটি।
অনুষ্ঠানে জানানো হয়, এ ন্যানো গাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে ৮০ কেজি সোনা, ১৫ কেজি রুপা। সেই সঙ্গে রয়েছে হীরকখণ্ডও।
গোল্পপ্লাসের প্রধান নির্বাহী কর্মকর্তা সি কে ভেঙ্কটরমন জানিয়েছেন, বিক্রি না হলেও এ গাড়িটি থেমে থাকবে না, ঘুরবে ভারতজুড়ে।
দেশটির ২৯টি স্থানে রয়েছে গোল্ডপ্লাসের শোরুম। আর পর্যায়ক্রমে প্রতিটি শোরুমেরই শোভা বাড়াবে এই সোনার গাড়িটি।
মাত্র ১ লাখ টাকার গাড়ি তৈরি করে বিশ্বজুড়েই হৈ চৈ ফেলে দিয়ে ছিলো টাটা মটরস। বর্তমানে প্রতিটি ন্যানো গাড়ি ভারতের বাজারে বিকোচ্ছে ১ লাখ ৪০ হাজার রুপিতে।
অবশ্য কম দামি গাড়ি বানিয়ে যতটা আলোচনা তৈরি করেছিলো, বেচা-বিক্রিতে ততটা সফল হয়নি ন্যানো।
সপ্তাহ-দুয়েক আগে টাটা মটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগ করেন। অনেকে মনে করেন, ন্যানোর বাজার চাঙা করতে না পারাই তার কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০২৭ ঘ.
bdnews24