২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ সমন্বয়েও সময় বাড়লো

পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 12:17 PM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অতিরিক্ত বিনিয়োগ সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় পেল ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোও। পুঁজিবাজারে অব্যাহত দরপতনের কারণে সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সোমবার বিকেলে এ সংক্রান্ত সার্কুলার জারি করে। এর কয়েক ঘণ্টা আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণসীমা সমন্বয়ের জন্য ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। সার্কুলারটি সোমবারই সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের ফলে শেয়াবাজারে তারল্য প্রবাহ বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। নিয়ম অনুযায়ী, ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের পরিশোধিত মূলধন ও রিজার্ভের ২৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ করতে পারতো। কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে তা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুযোগ ছিল। কিন্তু পুঁজিবাজারে বিনিয়োগের জন্য অনেক আর্থিক প্রতিষ্ঠানই বিগত সময়ে এর অতিরিক্ত অর্থ বিনিয়োগ করে। বিনিয়োগের এই পরিমাণ নির্ধারিত সীমায় নামিয়ে আনার জন্য এর আগে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দাবির মুখে এই সময় আরো বাড়ানো হলো। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের মহাব্যবস্থাপক মো. সোহরাওয়ার্দী স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, বার্ধিত সময়ের মধ্যে বর্তমান বিনিয়োগ আর কোনোভাবেই বাড়ানো যাবে না। এছাড়া বাণিজ্যিক ব্যাংকের সর্বোচ্চ ১৫ শতাংশ ঋণ সমন্বয়ের জন্য গত অগাস্ট মাস পর্যন্ত সময় থাকলেও পুঁজিবাজারে তারল্য সঙ্কট দেখা দেওয়ায় বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গত মে মাসে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ সমন্বয়ের সময় এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। আর সোমবার দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একক গ্রাহকের এই ঋণসীমা সমন্বয়ের (সিঙ্গেল পার্টি এক্সপোজার) সময় ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/১৮৫০ ঘ.