ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভর্তুকি কমাতেই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে দাবি করে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, এতে বছরে চার হাজার কোটি টাকা রাজস্ব সাশ্রয় হবে।
সোমবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "জ্বালানি তেলের জন্য প্রতি লিটারে ২০ থেকে ২২ টাকা করে ভর্তুকি দিতে হচ্ছিলো। এটাকে কিছুটা সহনীয় করতেই দাম বাড়ানো হয়েছে। কারণ জণগণের কাছ থেকেই ভর্তুকি আসে।"
রোববার রাত ১২টা থেকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি পাঁচ টাকা এবং ফার্নেস ওয়েলের দাম লিটার প্রতি আট টাকা হারে বাড়িয়েছে সরকার।
উপদেষ্টা বলেন, "জ্বালানি তেলের দাম লিটার প্রতি পাঁচ টাকা বাড়ানোর ফলে বছরে চার হাজার কোটি টাকা সাশ্রয় হবে। তবে তারপরও ১৭ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে।"
প্রতিবেশী দেশ ভারতে জ্বালানি তেলের দাম বাংলাদেশের চেয়ে লিটার প্রতি ২০ টাকা করে বেশি বলেও উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৌফিক-ই-ইলাহী স্বীকার করেন যে, জ্বালানির মূল্য বৃদ্ধির প্রভাব নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারেও পড়তে পারে।
তবে 'গাড়ি, বাড়ি, ফ্যাক্টরিসহ ফুয়েল ব্যবহারকারীরা সাশ্রয়ী হলে' এর প্রভাব 'তেমন' পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্ব বাজারে জ্বালানির দাম কমলেও দেশে কমানো হয় না কেন- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক বাজারের চেয়ে আমরা অনেক কম দামে তেল বিক্রি করি। ফলে বিশ্ব বাজারে দাম কিছুটা কমলেও দেশে কমানো সম্ভব হয় না।
এর আগে কয়লার দাম পুনর্নির্ধারণ বিষয়ে এক সভায় অংশ নেন উপদেষ্টা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. এনামুল হকও এতে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭১০ ঘ.
bdnews24