চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের প্রতিবাদে ঢাকার মতো চট্টগ্রামেও বিক্ষোভ করেছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
সোমবার দুপুরে নগরীর আগ্রাবাদ এলাকায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সংলগ্ন শেখ মুজিব সড়কে ইনভেস্টরস ফোরামের ব্যানারে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
সমাবেশ থেকে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য বাংলাদেশ ব্যাংক গভর্নরকে দায়ী করে তার পদত্যাগ দাবি করেন।
ইনভেস্টরস ফোরাম, চট্টগ্রামের যুগ্ম আহবায়ক এম এ কাদের বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, "আমরা বিনিয়োগকারীরা ব্যাংকগুলোর একক ঋণসীমা সমন্বয়ের জন্য অনেক আগে থেকে দাবি জানালেও বাংলাদেশ ব্যাংক গভর্নর তা মানেননি। এতে করে পুঁজিবাজারে প্রভাব পড়েছে এবং সূচক ক্রমান্বয়ে কমেছে।"
বিনিয়োগকারীদের বিক্ষোভের মুখে অবশ্য কেন্দ্রীয় ব্যাংক একক গ্রাহক ঋণ সমন্বয়ের সীমা এক বছর বাড়ানোর
কথা জানায়।
এম এ কাদের বলেন, "এ সিদ্ধান্ত আগে দিলে পুঁজিবাজারে এতবড় ধস হতো না।"
সমাবেশ থেকে বক্তারা পুঁজিবাজারে বিনিয়োগ নিরাপদ করার দাবি জানিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি প্রত্যাশা করেন। নইলে কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন ইনভেস্টরস ফোরামের আহ্বায়ক আছলাম মোরশেদ, যুগ্ম আহ্বায়ক সরোজ চৌধুরী, খোরশেদুল আলম, নিজাম উদ্দিন প্রমুখ।
পুঁজিবাজারের অব্যাহত দরপতনের কারণে চট্টগ্রামের বিনিয়োগকারীরা ধারাবহিকভাবে আন্দোলন চালিয়ে আসছে। গত বৃহস্পতিবারও তারা থালা হাতে আগ্রবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৫২৫ ঘ.
bdnews24