রিয়াজুল বাশার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে অব্যাহত দরপতনের জন্য কেন্দ্রীয় ব্যাংকের ওপরই 'দায়' চাপাচ্ছেন মার্চেন্ট ব্যাংকার ও বিশ্লেষকরা।
তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক দ্রত সিদ্ধান্ত নিলে 'বাজার ভালো হয়ে' যাবে বলেও মনে করছেন তারা।
রোববার সপ্তাহের প্রথম দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১৬৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৫৮০০ পয়েন্টে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) ২৯২ পয়েন্ট কমে দাঁড়ায় ১০ হাজার ৫২৮ পয়েন্টে। দুই স্টক এক্সচেঞ্জেই কমেছে অধিকাংশ শেয়ারের দাম।
দরপতনের কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এ হাফিজ রোববার বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের ইতিবাচক পদক্ষেপ খুবই জরুরি।"
তারল্য সংকটকে বাজারের প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, "যত দ্রুত সম্ভব ব্যাংকগুলোর একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ২০১৪ সাল পর্যন্ত বৃদ্ধি করতে হবে। এটা করলেই বাজার ভালো হয়ে যাবে।"
মোহাম্মদ এ হাফিজ বলেন, তারল্য সংকটের কারণে মার্চেন্ট ব্যাংকগুলো বিনিয়োগকারীদের ১ অনুপাত দশমিক ৫০ (এক টাকার বিপরীতে ৫০ পয়সা) হারের বেশি ঋণ দিতে পারছে না। তারল্য সংকট কেটে গেলে ঋণ প্রবাহও বেড়ে যাবে।
১ অনুপাত ২ হারে (এক টাকার বিপরীতে ২ টাকা) মার্জিন ঋণ দেওয়ার বিষয়ে এসইসির নির্দেশনা রয়েছে।
সোনালী ব্যাংকের সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ালিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উচ্চ মূল্যে শেয়ার কিনে অধিকাংশ বিনিয়োগকারীই এখন আটকে রয়েছেন। তাই বাজারকে এখন তুলতে হলে নতুন অর্থ প্রবেশ করাতে হবে।"
"এটা দুভাবে করা যায়। হয় নতুন বিনিয়োগকারীদের বাজারে প্রবেশ করাতে হবে অথবা মার্জিন ঋণ বাড়িয়ে দিয়ে লোকসানে থাকা বিনিয়োগকারীদের ক্রয়মক্ষতা বাড়াতে হবে।"
তবে বাজার শিগগিরই ঘুরে দাঁড়াবে বলে মনে করেন ওয়ালিয়ার রহমান।
গত অগাস্ট মাসের মধ্যে সর্বোচ্চ ১৫ শতাংশ ঋণ সমন্বয়ের সময়সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু পুঁজিবাজারে তারল্য সংকট দেখা দেওয়ায় গত ২৬ মে এ সময়সীমা চার মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়।
মঙ্গলবার সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সঙ্গে মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের নেতারা দাবি জানান, বাজারের তারল্য সংকট কাটাতে এ সময়সীমা ২০১৪ সাল পর্যন্ত বাড়াতে হবে।
এ সময়সীমা বাড়ানো হবে বলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এস কে সুর চৌধুরী আশ্বাস দিয়েছেন। তবে কবে এবং কতদিন পর্যন্ত বাড়ানো হবে সে বিষয়ে তিনি কিছু বলেননি।
চলতি অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে। কিন্তু একমাস ভালো থাকার পর গত ২৫ জুলাই থেকে প্রায় দুমাস ধরে দেশের দুই পুঁজিবাজারে নিুমুখী ধারা অব্যাহত রয়েছে।
ডিএসইতে গত ২৫ জুলাই থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন হয়েছে ৩৩ কার্যদিবস। এর মধ্যে ২৫ কার্যদিবসেই সূচকের পতন হয়েছে। বেড়েছে মাত্র ৮ কার্যদিবস। এ সময়ে ডিএসই সাধারণ মূল্যসূচক ৭৬১০ পয়েন্ট থেকে কমে দাঁড়িয়েছে ৫৮০০ পয়েন্টে।
এদিকে ঈদের ছুটির পর থেকেই বাজার স্বাভাবিক করার জন্য বিভিন্ন অংশীদারদের সঙ্গে বৈঠক করে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সংস্থাটি। একক গ্রাহক ঋণসীমা সমন্বয়ের সময় ডিসেম্বর থেকে আরও বাড়ানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমানোর বিষয়টি এসইসি বিবেচনা করছে।
মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে একক শেয়ার ও খাতভিত্তিক শেয়ারে বিনিয়োগের নির্দিষ্ট সীমাও তুলে দেওয়া হয়েছে।
এছাড়া ১ ডিসেম্বরের মধ্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডগুলোর শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার বিষয়েও আদেশ জারি করেছে এসইসি।
কিন্তু এরপরও বাজার স্বাভাবিক হচ্ছে না কেন- জানতে চাওয়া হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক আবু আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এসইসি একটি নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করায় তাদের হাতে ক্ষমতা কম। এক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নিতে হবে।"
তিনি বলেন, "বাংলাদেশ ব্যাংক সুদের হার (কি রেইট) বাড়িয়েছে। সিআরআর এসএলআর বাড়ানো হয়েছে। আর এর ফলে তারল্য সংকট বেড়ে গেছে।"
মুদ্রা নীতিতে পরিবর্তন আনতে হবে মন্তব্য করে আবু আহমেদ বলেন, "মিউচুয়াল ফান্ডগুলোর ওপর কর আরোপ করেছে সরকার। এর প্রভাবও বাজারে পড়ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪০ ঘ.
bdnews24